জার্মান-ভক্তের ভোজ
বিশ্বকাপ ফুটবলে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলায় গত সোমবার রাতে মিজানুর রহমান নামে এক জার্মানভক্ত ভোজের আয়োজন করেন। পেশায় কৃষক এ জার্মানভক্তের বাড়ি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রামানিকটারী গ্রামে।
সোমবার রাতে মিজানুরের বাড়িতে গিয়ে দেখা যায়, শামিয়ানা টানিয়ে চেয়ার-টেবিলে বসিয়ে প্রায় ৫০০ নারী, পুরুষ ও শিশুকে খাওয়ানো হচ্ছে। খাবারের তালিকায় ছিল পোলাও, মাংস, ডাল। পরে আম, কাঁঠালও দেওয়া হয়। খাবারের আগে জার্মানি ও বাংলাদেশের মঙ্গল কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এতে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এলাকার সাইফুল বলেন, ‘মিজানুর চাচার জন্যে হামরা জার্মানিক সাফট দিয়া আসছি। তিনি কছিল চেম্পিয়ান হইলে খাওয়া দেম। চাচা কথা রাখছে।’ স্থানীয় যুবক সুমন, রাসেল বলেন, ‘খাবার দারুণ হয়েছে। প্যাট ভরে খাইছি।’ কিসের খাবার জিজ্ঞেস করলে সকিনা বেওয়া বলেন, ‘জামান দ্যাশ জিতছে, তারে খাওয়া।’
মিজানুর জানান, অনেকগুলো কারণে তিনি জার্মানির সমর্থক। ১৯৭৯ সালে তিনি জার্মানির একটি সাহায্য সংস্থার একটি গভীর নলকূপ পান। সেই নলকূপ তিনি ২০ বছর এলাকার কৃষি উন্নয়নে সেচকাজে ব্যবহার করেন। কয়েক বছর আগে নলকূপটি চুরি হয়ে যায়। পরে অন্য কোম্পানির নলকূপ ক্রয় করেন। কিন্তু জার্মানের তৈরি নলকূপের মতো সুবিধা পাননি। এ ছাড়া জার্মানের ওষুধ খুব ভালো। জার্মান বাংলাদেশকে অনেক সাহায্যও করে। তিনি বলেন, ‘জার্মানির খেলা খুব সুন্দর লাগছে। কারেন্টের মতো বল পাস দেয়। পেলেয়ারের দম খুব। এতেই আমি জার্মানের প্রতি আকৃষ্ট হই। আশা করি, বাংলাদেশও একদিন বিশ্বকাপ খেলবে।’