জাল অ্যাফিডেভিটে একের পর এক বাল্যবিবাহ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জ্যোতি সুলতানা এ বছর চতুর্থ স্থান অর্জন করে অষ্টম শ্রেণীতে উঠেছে। তার বয়স ১৩। গত ফেব্রুয়ারিতে তার বিয়ে হয়েছে। নোটারি পাবলিক থেকে অ্যাফিডেভিট করে জ্যোতির বয়স দেখানো হয়েছে ১৮।
জ্যোতি সুলতানার চাচাতো ভাই ডালিম হোসেন ২০১১ সালে একই স্কুলে পড়াকালীন বয়স ছিল ১৫ বছর। একই কায়দায় বয়স বাড়িয়ে গত জুনে তাকে বিয়ে দেওয়া হয়েছে হরিপুর গ্রামের বাসিন্দা ও রামজীবনপুর মহিলা মাদ্রাসার ছাত্রী ১১ বছরের বিলকিস খাতুনের সঙ্গে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্টার খাতা থেকে তাদের বয়সের এই তথ্য পাওয়া গেছে। গোটা উপজেলায় বাল্যবিবাহের চিত্র এমনই।
শিশুসন্তানের বিয়ে দিয়েছেন এমন কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব সময় ভালো পাত্র-পাত্রী পাওয়া যায় না, আর দরিদ্রতা ও সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করেই অপরিণত বয়সে তাঁরা বিয়ে দিতে বাধ্য হচ্ছেন। ঝামেলা এড়াতে ইউনিয়ন পরিষদ ও নোটারি পাবলিকের কার্যালয় থেকে কৌশলে সন্তানের বয়স বাড়িয়ে নিয়েছেন।
উপজেলার নওয়াবেঁকী ছফুরেন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী জানান, প্রতিবছর শতকরা ২০-২৫ ভাগ মেয়ে ঝরে যাচ্ছে। ঝরে যাওয়া শিশুদের মধ্যে ২০ ভাগেরই বিয়ে হয়ে যাচ্ছে। ২০১২ সালে ষষ্ঠ শ্রেণীতে ১২৯ জন মেয়ে ভর্তি হলেও চলতি বছর সপ্তম শ্রেণীতে আছে ১০৩ জন। গত বছর সপ্তম শ্রেণীতে ৯৫ জন ছাত্রী ছিল। চলতি বছর অষ্টম শ্রেণীতে ছাত্রীসংখ্যা ৬২। চলতি বছর নবম শ্রেণীতে নয়জন ও দশম শ্রেণীতে ১২ জন ছাত্রী ঝরে পড়েছে। ঝরে যাওয়া ছাত্রীদের মধ্যে ৯০ ভাগেরই বিয়ে হয়ে গেছে। তিনি জানান, ২০০৯ সালে আইলার পর বাল্যবিবাহের প্রবণতা বেড়েছে।
রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকবর আলী বলেন, অনেক অভিভাবক এসে বয়স বৃদ্ধির সনদ দাবি করেন। কিন্তু না দিলে নোটারি পাবলিকের মাধ্যমে সনদ নিয়ে নেন। সাতক্ষীরা জেলা জজ কোর্টের আইনজীবী ও নোটারি পাবলিক এ টি এম আলী আকবর জানান, ছেলেমেয়ের বৈধ অভিভাবক এসে ঘোষণা দিয়ে সন্তানের বয়স কমাতে ও বাড়াতে পারেন। তবে বিয়ের বিষয় হলে নোটারি পাবলিক করার পরও অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে জন্মসনদ নিতে হবে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার বলেন, জুনে তাঁরা ছয়টি বাল্যবিবাহের ঘটনা বন্ধ করেছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে অভিভাবকেরা পরবর্তী সময়ে গোপনে মেয়েদের বিয়ে দিয়েছেন।