জাল আদেশনামা তৈরির অভিযোগ বেঞ্চ সহকারী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল আদেশনামা থানায় পাঠানোর অভিযোগে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল্লাহ আল মামুনকে গত সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ আশরাফুল ইসলামকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১২ আগস্ট দুপুরে তৎকালীন বিডিআরের একটি টহলদল জাফরপুরে ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরের এক নম্বর আরপি গেটের সামনে ৫০ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করে। পরে হাবিলদার আবদুল খালেক চোরাচালানি মালামালসহ চালক দর্শনার জাহিদ হাসান ও মাইক্রোবাসটি পুলিশে সোপর্দ করেন। সদর থানার উপপরিদর্শক আবদুল হালিম সরকার ২০০৭ সালের ৩ অক্টোবর জাহিদ হাসানকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইব্যুনাল তৃতীয় আদালতে বিচারাধীন।জব্দ করা মাইক্রোবাসের মালিক দাবিদার দর্শনার মোবারকপাড়ার আবদুল মান্নান খান মাইক্রোবাসটি জিম্মায় নিতে গত বছরের ২৯ জুন চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ-২-এর আদালতে আবেদন করেন। আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন মালিকানা যাচাই করে ৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে চুয়াডাঙ্গা সদর থানার ওসিকে নির্দেশ দেন। বিচারক মাইক্রোবাস জিম্মায় দেওয়ার কোনো আদেশ না দিলেও বেঞ্চ সহকারী জাল আদেশনামা তৈরি করে থানায় পাঠান। মামলা নিষ্পত্তির আগে মাইক্রোবাস জিম্মায় দেওয়ার আদেশ নিয়ে সন্দেহ হলে তৎকালীন ওসি কামরুজ্জামান বিষয়টি আদালতকে অবগত করেন। ২৫ জুলাই বেঞ্চ সহকারী মো. আব্দুল্লাহ আল মামুনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২৭ জুলাই মো. আব্দুল্লাহ আল মামুন কারণ দর্শানোর নোটিশের জবাবে অভিযোগের সত্যতা স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন।