জাল এক কোটি ভারতীয় রুপিসহ ছয়জন আটক
জাল এক কোটি ভারতীয় রুপিসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক পাকিস্তানি নাগরিকসহ এই ছয়জনকে আটক করা হয়।
র্যাব বলেছে, এই ছয়জন মুদ্রা ও মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। এঁরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক আবদুল্লাহ ওরফে সেলিম (৪২), মো. জাহাঙ্গীর (৪৫), আবদুল খালেক (৫৫), মো. কামরুল ইসলাম (২৮), আবু সুফিয়ান (৪৮) ও মামুনুর রশীদ (৪৫)।
উত্তরায় র্যাবের সদর দপ্তরে গতকাল শুক্রবার সংবাদ বিফ্রিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে বিমানবন্দর পদচারী সেতু এলাকা থেকে আবদুল্লাহ সেলিম, জাহাঙ্গীর ও খালেককে আটক করে র্যাব-১-এর একটি দল। এঁদের কাছ থেকে ৭০ লাখ জাল ভারতীয় রুপি, ৯ হাজার ১২৫ ডলার, ২১টি পাকিস্তানি জাল পাসপোর্ট, আটটি বাংলাদেশি পাসপোর্ট, ১১০ সৌদি রিয়াল, বিভিন্ন দূতাবাসের জাল সিল ও সিল তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দরের কাছে একটি রেস্তোরাঁর সামনে থেকে রাতেই কামরুল, সুফিয়ান ও মামুনুর রশীদকে আটক করা হয়। এই তিনজনের কাছ থেকে ৩০ লাখ জাল ভারতীয় রুপি, ৬ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ৪৩ হাজার ১৯০ পাকিস্তানি রুপি, ১৩ হাজার ৬২৭ দিরহাম, সাতটি এয়ারপোর্ট ভিজিটর্স পাস, পাঁচটি মোবাইল ফোন, চারটি বিদেশি সিম কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স ট্রাভেল পারমিট ফরম আটক করা হয়।
মুফতি মাহমুদ খান বলেন, ভারতীয় জাল মুদ্রাগুলো নিখুঁতভাবে পাকিস্তানে ছাপানো হয়। পাকিস্তান থেকে আসা যাত্রীদের কাছ থেকে জাল রুপির চালানগুলো বুঝে নিতেন কামরুল। তিনি এসব চালান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাঠাতেন। ভারতে তাঁদের সহযোগীদের কাছে ১ লাখ জাল রুপি ৪০ থেকে ৪৫ হাজার ভারতীয় মুদ্রায় বিক্রি করা হতো। জাল রুপি বিক্রির অর্থ দিয়ে ডলার কিনে সেগুলো পাকিস্তানে পাঠাতেন আবদুল্লাহ, জাহাঙ্গীর ও খালেক।