জাল ও নৌকা জব্দ, ১৬ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞার প্রথম দিনে গতকাল মঙ্গলবার ভোলায় ৫১ হাজার মিটার জাল ও মাছ ধরার ১০টি নৌকা জব্দ করা হয়েছে। মাছ ধরার দায়ে ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলায় ১১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে এবং চারটি বরফকল সিলগালা করে দেওয়া হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসনে ইলিশ বিক্রির দায়ে দুজন মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভোলা: চরফ্যাশন উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নুরুল হাফিজ জানান, ইলিশ ধরায় নিয়োজিত সাতটি নৌকা জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনকে তিন মাস ও ১৫ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার জাল, পাঁচটি ইলিশ ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, তাঁরা ১০ হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করেছেন। বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, তাঁরা ৯০০ মিটার জাল ও ২০টি ইলিশ জব্দ করেছেন। লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, মঙ্গলবার অভিযান চালিয়ে পাঁচ হাজার ২০০ মিটার জাল ও দুটি ঘুন্ডিজাল এবং ১২০টি ইলিশ জব্দ করা হয়েছে। ভোলা সদর উপজেলা মৎস্য কর্মর্কতা পলাশ হালদার জানান, তাঁরা পাঁচ হাজার মিটার জাল ও ১০ কেজি মাছ জব্দ করেছেন। বাউফল (পটুয়াখালী): তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার ও বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ডের নেতৃত্বে তেঁতুলিয়া নদী থেকে জালগুলো আটক করা হয়। পরে বাউফল থানার সামনে এনে তা পুড়িয়ে ফেলা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ কালাইয়া লঞ্চঘাট এলাকায় মেঘনা-১, মেঘনা-২, খান ও তেঁতুলিয়া নামের চারটি বরফকলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে কলগুলো ১১ দিনের জন্য সিলগালা করে দেন। ফরিদপুর: চরভদ্রাসন উপজেলা সদর বাজারে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী শেখ রফিকুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন খানের কাছ থেকে প্রায় ৩০ কেজি ইলিশ জব্দ করেন। তাঁদের চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।