জাল কাগজপত্র জমা দেওয়ায় ৫ মার্কিন ভিসাপ্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল কাগজপত্র দিয়ে মার্কিন ভিসার জন্য সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে গুলশান থানার পুলিশ পাঁচ ভিসা প্রার্থীকে আটক করেছে।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১০ মার্চ দূতাবাসের কনস্যুলার কর্মকর্তার কাছে জাল কাগজপত্র নিয়ে সাক্ষাৎকার দিতে গেলে অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। মার্কিন দূতাবাস, আইন প্রয়োগকারী সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, ভ্রমণের উদ্দেশ্যের বিষয়ে মিথ্যা কথা বলতে নির্দেশনা দেওয়ার পাশাপাশি এই ধোঁকাবাজিতে সহায়তা করতে একজন দালাল তাঁদের জাল দলিলপত্র তৈরি করে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন দূতাবাস সম্প্রতি জাল দলিলপত্রসহ গ্রাহকদের এমন দুর্নীতিপরায়ণ দালালদের সেবা ব্যবহারকারী ভিসাপ্রার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করছে। প্রার্থীরা সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারেন এবং কোনো দালালের মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই। একজন অসৎ দালালের কাছ থেকে পাওয়া জাল দলিলপত্রাদি ব্যবহারের ফলাফল শুধু ভিসা প্রত্যাখ্যানই নয়, বরং প্রার্থীকে আটকও করা হতে পারে।