জাল কাগজে খালাস করা লেক্সাস গাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল কাগজপত্র দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা একটি বিলাসবহুল গাড়ি ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। লেক্সাস ব্র্যান্ডের ওই গাড়িটির দাম প্রায় দুই কোটি টাকা।শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সহযোগিতায় কাস্টম হাউস গাড়িটি উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাড়িটি ঢাকা থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে নিয়ে আসা হয়। কাস্টম হাউস সূত্র জানায়, প্লাস্টিকের দানার পণ্য চালানের ঘোষণা দিয়ে একটি কনটেইনারে এই গাড়ি নিয়ে আসেন একজন আমদানিকারক। আমদানিকারকের ঠিকানা দেওয়া হয় ঢাকার লালবাগ রোডের ন্যাশনাল আর্ট ট্রেড। গত বছরের ১০ ডিসেম্বর এই পণ্য চালানের কাগজপত্র কাস্টম হাউসে জমা দেওয়া হয়। কিন্তু পণ্যের শুল্ককর পরিশোধ না করে জাল কাগজপত্র দিয়ে গাড়িটি খালাস করে নেয় একটি চক্র। এ জন্য আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের ভুল ঠিকানা দেওয়া হয়। কাস্টম হাউস সূত্র জানায়, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপকমিশনার তাসমীনুর রহমানের নেতৃত্বে সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হাসেম অনুসন্ধান চালিয়ে গত বুধবার ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডের আলম ম্যানশন থেকে গাড়িটি উদ্ধার করেন। কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা অরিন্দম চাকমা প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।