জাল খতিয়ান করে জায়গা বিক্রি চেষ্টার অভিযোগে মামলা
জাল খতিয়ান তৈরি করে জায়গা বিক্রি চেষ্টার অভিযোগে সহকারী কমিশনারসহ (ভূমি) ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
গতকাল মঙ্গলবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে নগরের দক্ষিণ কাট্টলীর দুলালচন্দ্র নাথ বাদী হয়ে এ মামলা করেন। আদালত অভিযোগটি অনুসন্ধান করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন। মামলায় সহকারী কমিশনার (ভূমি) আগ্রাবাদ অফিসের এইচ এম লোকমান, সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন, উপসহকারী ভূমি কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, কানুনগো আনোয়ারুল আজিম এবং ভূমি কেনাবেচার সঙ্গে জড়িত কামাল উদ্দিন, শাহাব উদ্দিন, পারভেজ, মইনুদ্দিন, বাবুলচন্দ্র দেবনাথ, রিদুয়ান, শহীদুল্লাহ ও মোশাররফ হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
বাদী আরজিতে উল্লেখ করেন, আগ্রাবাদ ভূমি অফিসের আওতাধীন বাদীর পূর্বপুরুষের প্রায় ৫২ শতক জায়গা অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। লিজ নিয়ে তাঁরা ভোগদখলও করে আসছে। এসব সম্পত্তির জাল খতিয়ান ও দলিল তৈরি করে অভিযুক্ত ব্যক্তিরা বিক্রির চেষ্টা করছেন।