জাল গ্যারান্টি দিয়ে বিলাসবহুল গাড়ি খালাস
পর্যটনসুবিধায় আনা একটি বিলাসবহুল গাড়ি জাল নথিপত্র দিয়ে খালাস করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক। গাড়িটি এখন ফেরতসহ অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে নোটিশ দিয়েছে কাস্টম হাউস। গতকাল বৃহস্পতিবার কাস্টম হাউস থেকে এ নোটিশ পাঠানো হয় আমদানিকারকের কাছে। কাস্টম হাউস সূত্র জানায়, মোহাম্মদ আবদুল মুকিত (পাসপোর্ট নম্বর-০৯৩১০৫৭৯৩) নামে ব্রিটিশ নাগরিক চট্টগ্রাম বন্দর থেকে ‘কারনেট দ্য পেসেজ’ সুবিধায় মিৎসুবিশি সুগন নামে একটি গাড়ি খালাস করে নেন গত ৩০ জুলাই। এই বিলাসবহুল গাড়িতে দুই কোটি ২০ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা শুল্ককর নির্ধারণ করে কাস্টম হাউস। গাড়িটি ছাড় করিয়ে নিতে তিনি নতুন নিয়ম অনুযায়ী এই শুল্ককরের বিপরীতে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) গ্যারান্টি দাখিল করেন গত ২০ জুন। কিন্তু গত ৩০ জুলাই গাড়িটি খালাসের পর গত ৭ আগস্ট ‘এএবি’-এর সভাপতি আজমালুল হোসাইন কাস্টম হাউসে লিখিত অভিযোগে জানান, আবদুল মুকিতের নামে এএবি থেকে কোনো গ্যারান্টি ইস্যু করা হয়নি। চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মাহমুদুল হাসান গতকাল বলেন, ‘যারাই গ্যারান্টি দিয়েছে তারাই বলেছে, এই নথি জাল। এ জন্য আমদানিকারককে কারনেট সুবিধায় আনা গাড়িটি আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে শুল্ক ভবনে ফেরত দেওয়াসহ অনিয়মের ব্যাপারে ব্যাখ্যা দিতে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। তাঁর সিলেটের তিনটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।’