জাল টাকা টিটি করতে এসে দুই ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে জাল টাকা টিটি করতে এসে ধরা পড়লেন মুরগির দুই ব্যবসায়ী। শহরের এনসিসি ব্যাংকের শাখায় গত বৃহস্পতিবার বিকেলে ৭৫ হাজার টাকা টিটি করতে আসেন তাঁরা। তাঁদের গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নাটোরের সিংড়া উপজেলা থেকে আসা মুরগির ব্যবসায়ী মালেকুজ্জামান ৭৫ হাজার টাকা নিয়ে এনসিসি ব্যাংকের সৈয়দপুর শাখায় আসেন। ওই টাকা সিংড়ায় পাঠানোর কথা। আনুষ্ঠানিকতা সেরে ক্যাশ কাউন্টারে টাকাগুলো গ্রহণ করা হয়। কিন্তু গুনতে গিয়ে ঘটে বিপত্তি। ব্যাংকের ক্যাশিয়ার ৪৪টি ১০০ টাকার জাল নোট উদ্ধার করেন। বিষয়টি সঙ্গে সঙ্গে ব্যবস্থাপককে জানানো হয়। ব্যাংকের ব্যবস্থাপক শাহ আলম বিষয়টি নিয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। পুলিশ জাল টাকা বহনকারী মালেকুজ্জামানকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই টাকা তিনি ব্যবসায়িক অংশীদার রংপুরের গঙ্গাচড়া উপজেলার মশিউর রহমানের কাছে পেয়েছেন বলে পুলিশকে জানান। পুলিশ মশিউর রহমানকে রাতেই গ্রেপ্তার করে। ব্যাংকের ব্যবস্থাপক শাহ আলম জানান, একটি চক্র সৈয়দপুরসহ এ অঞ্চলে কৌশলে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই চক্রের সদস্য বলে তাঁর ধারণা। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, জাল টাকাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে পুলিশ তাদেরও খুঁজে বের করবে।