জাল টাকা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশ অবরুদ্ধ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত মঙ্গলবার সন্ধ্যায় জাল টাকা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর সময় চার পুলিশকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসে পুলিশের ওই সদস্যদের উদ্ধার করেন।পুলিশের উদ্ধার হওয়া সদস্যরা হলেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ, এসআই খোকন, এএসআই রামপ্রসাদ সরকার ও কনস্টেবল মকবুল হোসেন।এলাকাবাসীর অনেকে জানান, পুলিশের ওই চার সদস্য সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী দক্ষিণ বাজারের ধান-চাল ব্যবসায়ী আবদুল কাদিরের (৩৫) দোকানে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেন। এ সময় বাজারের অন্য ব্যবসায়ীরা দৌড়ে এসে দেখেন কাদিরকে জাল টাকার ব্যবসায়ী বলে শাসাচ্ছে পুলিশ। ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আশপাশের লোকজন নন্নী বাজারে এসে পুলিশ সদস্যদের বিচার চেয়ে বিক্ষোভ করে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার ও ইউপি চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ জনতার সঙ্গে বৈঠক করেন। ওসি ঘটনার তদন্ত ও যথাযথ বিচারের আশ্বাস দিয়ে পুলিশের চার সদস্যকে উদ্ধার করেন।এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নালিতাবাড়ী থানার পুলিশ তাদের সোর্স নন্নীর বাইগরপাড়ার ছামিউল, নন্নী পশ্চিমপাড়ার মনির হোসেন ও কাঁঠালতলী গ্রামের ছামিদুলকে দিয়ে নিরীহ এলাকাবাসীকে নানা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করছে।নন্নী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, পুলিশের ওই তিন সোর্সের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। ঘটনাটির জন্য পুলিশ দুঃখ প্রকাশ করে ২৪ ঘণ্টার মধে সোর্সদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।ওসি গোলাম হায়দার গতকাল প্রথম আলোকে বলেন, ‘নন্নী এলাকার তিন ব্যক্তি ওই ব্যবসায়ীকে ফাঁসাতে তাঁর গদির নিচে সাত হাজার টাকার জাল নোট রেখে পুলিশকে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে সোর্সদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে পলাতক থাকায় এখনো তাদের গ্রেপ্তার করা যায়নি।