জাল টাকা ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ বনশ্রী ও জুরাইন এলাকা থেকে জাল টাকা ব্যবসায়ী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে প্রায় এক কোটি টাকার জাল নোটও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রশিদ (৫৬), ফাতেমা বেগম (২৫), রুবিনা বেগম (২৪), মো. দুলাল (৩০) ও মো. সারোয়ার হোসেন (২৩)। এর মধ্যে আবদুর রশিদ অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা। ব্যাংকটির জুনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন তিনি। দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হন তিনি। ফাতেমা ও রুবিনা এবং তাঁদের স্বামী আবদুর রহিমকে আগেও জাল টাকা তৈরি ও বাজারজাত করার অপরাধে র্যাব গ্রেপ্তার করেছিল। ফাতেমা ও রুবিনা জামিনে মুক্ত হয়ে আবারও একই ব্যবসা শুরু করেন।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক (সিও) লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, আবদুর রশিদ অগ্রণী ব্যাংকের জুনিয়র অফিসার পদে চাকরি করতেন। ১৯৯৫-৯৬ সালে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হওয়ার পর তিনি প্রেসের ব্যবসা শুরু করেন। সে সময় ভারতীয় জাল নোট ব্যবসায়ী নুরুজ্জামানের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁর মাধ্যমে নিজের প্রেসেই জাল নোটে জলছাপ বসানো শুরু করেন তিনি। এরপর তিনি প্রেস বিক্রি করে নিজের বাসায় জাল নোট তৈরি শুরু করেন। এ জন্য ভারতীয় জাল নোট কার্বারি নুরুজ্জামান সব ধরনের সহযোগিতা করে আসছিলেন।