জাল টাকায় সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু উপজেলার ঈদগড় গ্রাম থেকে ঘরের ১০টি কবুতর বিক্রি করতে ২১ সেপ্টেম্বর কক্সবাজার শহরে আসেন বৃদ্ধ কালা মিয়া (৬৫)। দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের সামনে (সড়কের পাশে) বসে তিনি কবুতর বিক্রি শুরু করেন। দাম প্রতি জোড়া ৩৪০ টাকা। বেলা একটার মধ্যে বিক্রি হলো ছয়টি। বাকি চারটি কবুতর বিক্রি হলেই স্ত্রী ও নিজের জন্য দরকারি ওষুধ কিনে বাড়ি ফিরবেন কালা মিয়া।
বেলা দুইটার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাঁর সামনে নামেন এক যুবক। চোখে কালো চশমা। ৬৮০ টাকায় চারটি কবুতর কিনে নিলেন ওই যুবকটি। তারপর এক হাজার টাকার একটি নতুন নোট ধরিয়ে দিলে বৃদ্ধ ওই যুবককে ৩২০ টাকা ফেরত দেন। এরপর বৃদ্ধ গেলেন ওষুধ কিনতে। ফার্মেসির কর্মচারী তাঁকে ধমক দিয়ে পুলিশে তুলে দেওয়ার ভয় দেখান। ভড়কে যান তিনি। পরে বৃদ্ধ জানতে পারেন, এক হাজার টাকার নোটটি জাল। কান্নাজড়িত কণ্ঠে কালা মিয়া বলেন, ‘এত বড় জালিয়াতি মানুষ করতে পারে ভাবতে কষ্ট হচ্ছে। বেশি দামে বিক্রি করতে পারব বলে এখানে ছুটে এসেছি। এখন সব শেষ।’
শুধু কালা মিয়া নন, জাল নোট সরবরাহকারী চক্রের হাতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। কক্সবাজার শহর ও বিভিন্ন উপজেলার হাটবাজারে সক্রিয় চক্রটি। কোরবানির ঈদ আর দুর্গাপূজাকে সামনে রেখে হাটবাজার, ব্যবসা-বাণিজ্য ও বিপণিকেন্দ্র, ব্যাংকসহ সর্বত্রই এখন জাল নোট ছড়িয়ে পড়ছে।
শহরের বিমানবন্দর সড়কের কানামিয়া বাজারের ব্যবসায়ী কেরামত উল্লাহ (৩৪) জানান, ২২ সেপ্টেম্বর তিনি সাত হাজার টাকার আখ বিক্রি করেন। কিন্তু ঘরে গিয়ে দেখেন, তার মধ্যে ৫০০ টাকার দুটি জাল নোট। বড়বাজারের মাছ ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৩৭) বলেন, মাছ বিক্রির সময় প্রায় সময় জাল টাকা ধরা পড়ে।
টেকনাফ ৪২ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর শফুিকর রহমান বলেন, ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় বিজিবির সদস্যরা টেকনাফগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সিটের নিচে একটি মিষ্টির প্যাকেটের ভেতর থেকে এক হাজার টাকার ৫২১টি জাল নোট (পাঁচ লাখ ২১ হাজার) উদ্ধার করেন। কিন্তু জাল নোট পাচারকারীদের ধরা সম্ভব হয়নি। এগুলো টেকনাফ থানায় জমা দিয়ে একটি মামলা করা হয়েছে।
সূত্র জানায়, টেকনাফ, রামু ও কক্সবাজার শহরের কয়েকটি সিন্ডিকেট স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী ও বেকার যুবকদের দিয়ে বাজারে জাল নোট ছড়িয়ে দিচ্ছে। ইয়াবা বড়িসহ মাদক কেনাবেচা এবং হাটবাজার ও বিপণিকেন্দ্রে কেনাকাটায় জাল টাকার ব্যবহার করা হচ্ছে।
পুলিশ জানায়, ২০০৯ সালের রমজনা মাসে তিন হাজার ৭০০ টাকার জাল নোট নিয়ে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন সুমন নামের এক যুবক। কয়েক মাস কারাগারে থেকে তিনি জামিনে বেরিয়ে আসেন। এরপর তিনি আবার জাল নোটের ব্যবসায় নামেন। এখন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া টেকনাফের থ্রি-বাদার্স সিন্ডিকেট নামের একটি চক্র জাল নোটের কারবারে জড়িত বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. জসীম উদ্দিন বলেন, কোরবানির ঈদ ও দুর্গাপূজাকে সামনে রেখে চোরাচালান সিন্ডিকেট জাল নোটের বাণিজ্য চালাচ্ছে। কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন বসিয়ে লোকজনকে প্রতারণার থেকে রক্ষার উদ্যোগ নিচ্ছে পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে, মিয়ানমারের মংডু ও আশপাশের দুর্গম পাহাড়ে জাল নোট তৈরি হচ্ছে। তারপর ছাড়া হচ্ছে বাজারে। নেশার বড়ি ইয়াবা, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য বেচাকেনার বিপরীতে জালনোটের কারবার বেশি হচ্ছে। আবার ইয়াবা ও হুন্ডির টাকার বিপরীতে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে বিপুল পরিমাণ জালনোট। বিশেষ করে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন রাষ্ট্র থেকে হুন্ডির মাধ্যমে পাঠানো টাকার বেশির ভাগ গ্রাহককে জালনোট ধরিয়ে দেওয়া হচ্ছে।
শহরের কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা বলেন, জালনোট নিয়ে তাঁদের সব সময় আতঙ্কে থাকতে হয়। লেনদেনের সময় প্রতিদিন ৫০০ ও এক হাজার টাকার একাধিক জালনোট ধরা পড়ছে। সোনালী ব্যাংক কক্সবাজার শাখার উপমহাব্যবস্থাপক অখিলচন্দ্র সরকার বলেন, জালনোট দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। জালনোটের বিস্তার রোধে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।