জাল টাকার মামলায় জামিনের তদন্ত হচ্ছে
দুই দিনে জাল টাকা উদ্ধারের সাত মামলায় জামিন দেওয়ার বিষয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলামকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম আমিনুল ইসলামকে ঢাকার জেলা ও দায়রা এবং মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি তিন দিন আদালতে বসেন। এর মধ্যে দুই দিনে জাল টাকা উদ্ধারের সাত মামলায় নয়জনকে জামিন দেন। এর মধ্যে একজন তিনটি মামলায় জামিন পান।গতকাল প্রথম আলোয় ‘দুই দিনে জাল টাকার সাত মামলায় জামিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই আইন মন্ত্রণালয় এ বিষয়ে তদন্তের উদ্যোগ নেয়। তদন্ত কমিটিকে প্রাথমিক তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গত মঙ্গলবার অবকাশকালীন বিচারকের আদালতে ২২১টি মামলার জামিনের শুনানি হয়। আইনজীবী হেলাল উদ্দিন বলেন, বিচারক ২২১টি জামিনের আবেদনের ওপর শুনানি গ্রহণ করেছেন। কিন্তু প্রকাশ্য আদালতে কোনো আদেশ দেননি। এখন আদেশের বিষয়ে জানতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।