জাল টাকাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরের পতেঙ্গা বেড়িবাঁধ এলাকা থেকে ৪৪টি পাঁচ শ টাকার জাল নোটসহ দুজনকে গত শনিবার রাত ১২টায় গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা-পুলিশ। তাঁরা হলেন ঝালকাঠির নলছিটির ফারুকুজ্জামানের ছেলে মেহেরাব হোসেন (২১) ও নাটোরের আবদুল জলিলের ছেলে সোহেল আহমেদ (২২)।
এ সময় তাঁদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পালিয়ে যান আবদুর রহিম নামের তাঁদের অপর এক সহযোগী। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাবুদ্দিন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, রং, কাগজসহ দুজনকে আটক করা হয়।
এ ঘটনায় পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আহাদ আহমেদ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পতেঙ্গা সমুদ্রসৈকতের সাধারণ জেলেদের লক্ষ্য করে জাল টাকা তৈরির ব্যবসা শুরু করেছিলেন তাঁরা। জেলেরা জাল আর আসল টাকার তুলনা সহজে করতে পারবেন না। সমুদ্রসৈকত এলাকার আবদুর রহিমের সাহায্যে তাঁরা এ ব্যবসা শুরু করেছিলেন কয়েক মাস আগে।