জাল টাকাসহ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা গতকাল মঙ্গলবার দুপুরে জাল টাকা ও ভারতীয় রুপিসহ গোলাম মোস্তফা খান (৫৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গার সাবেক ডেপুটি কমান্ডার। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬-এর সহকারী পরিচালক এ জি এম রাশেদুজ্জামান জানান, চুয়াডাঙ্গায় একটি চক্র দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছে। সম্প্র্রতি অভিযোগ পাওয়া যায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদে বসে একজন এই কারবার করছেন। তাঁকে নজরদারিতে রাখা হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর র্যাবের একজন সদস্য ক্রেতা সেজে গতকাল দুপুর দেড়টার দিকে মুক্তিযোদ্ধা কার্যালয়ে যান। একপর্যায়ে টাকা লেনদেন শুরু হলে র্যাবের অন্য সদস্যরা জাল টাকাসহ তাঁকে গ্রেপ্তার করেন।