জাল টাকায় জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল টাকা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ হাজী মো. সেলিম। এ ব্যাপারে তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রুলিং দাবি করেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি করেন।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

হাজী সেলিম বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে কোটি কোটি জাল টাকা উড়ছে। এ ব্যাপারে বিশেষ চক্র সক্রিয় রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে হরকাতুল জিহাদের বিরুদ্ধে জাল টাকা তৈরির কথা বলা হয়েছে। তিনি বলেন, জাল টাকার তৈরির সঙ্গে যারা জড়িত, তাদের তেমন বিচার হয় না। আটকের পর তাদের ছেড়ে দেওয়া হয়। বিচারকেরা তাদের জামিন দেন। এ ধরনের প্রায় পাঁচ হাজার মামলা আছে। কিন্তু বিচার হয় না। অপরাধীরা জামিন নিয়ে বেরিয়ে এসে আবার একই কাজ করে। তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।