জাল ডলার-ইউরোসহ গ্রেপ্তারকৃতরা জেলহাজতে
জাল ডলার, ইউরো ও টাকাসহ গ্রেপ্তার হওয়া দুই বিদেশিকে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার রাতে গুলশানের নিকেতন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মার্কিন ডলার, জাল টাকা এবং ইউরোসহ মুদ্রা তৈরির বিভিন্ন রাসায়নিক পদার্থ ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ক্যামেরুনের নাগরিক ইসোমো হাসান (৩১), ফিলিপাইনের নাগরিক লিজা ফার্নান্দেজ (৫১) ও তাঁদের বাংলাদেশী সহযোগী সৈয়দ কামরুজ্জামান (৫০)। র্যাব জানিয়েছে, এই চক্রটির সঙ্গে আরও সাত থেকে আটজন জড়িত, যাঁদের পাঁচজনই বিদেশি। এদের মধ্যে ইব্রাহিম এমমাদি ও ফোওয়াং ফেলিক্স রুবেন নামে দুজন ক্যামেরুনের নাগরিকের নাম পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া ইসোমো ও তাঁর বান্ধবী লিজা দুজনই মুদ্রা জালের প্রধান ‘প্রকৌশলী’। পরিমাণমতো রাসায়নিক ও রং মিশ্রণে এরা খুব পারদর্শী। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নম্বর ছাড়া জাল ১০০০ টাকার নোট, মার্কিন ডলার এবং শুধু জলছাপ মারা ইউরো। যন্ত্রপাতির মধ্যে রয়েছে, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। আরও উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের রং, আঠা, হাইপোসহ নানা ধরনের রাসায়নিক পদার্থ।টার্গেট ঈদ ও হজ: র্যাবের কর্মকর্তারা জানান, সামনের ঈদ ও হজ সামনে রেখে এই চক্রটি মুদ্রা তৈরির উদ্যোগ নিয়েছিল। সাধারণত হজের সময় প্রচুর মানুষ বিমানবন্দর বা কার্ব মার্কেট (খোলাবাজার) থেকে ডলার সংগ্রহ করেন। এ ছাড়া বিদেশগামী ছাত্র বা ব্যবসায়ীরাও এসব জায়গা থেকে ডলার সংগ্রহ করে থাকেন। এই চক্রটি ডলার ও ইউরো জাল করে খোলাবাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। মানুষ টাকার আসল-নকল চিনলেও ডলার বা ইউরো চেনা তাঁদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়ে।