চাঁদের হাটের অনুষ্ঠানে মান্নান খান
জাল দলিল করে অভিজাত এলাকার অনেক প্লট দখলে রেখেছে ভূমিদস্যুরা
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, ভূমিদস্যুরা রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডির মতো জায়গায় জাল দলিলের মাধ্যমে শত শত প্লট ও বাড়ি অবৈধভাবে দখল করে রেখেছে। বেশির ভাগ ক্ষেত্রেই মন্ত্রণালয় ও আদালতে এসব জমির পক্ষে জাল দলিল উপস্থাপন করছে ওই চক্র।গতকাল শনিবার রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন চাঁদের হাটের জাতীয় প্রতিনিধি পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান এ কথা বলেন।গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে দখল করা এসব জমির দলিলের বেশির ভাগই জাল। এসব জমির মূল দলিলও খুঁজে পাওয়া যায় না। তিনি আরও বলেন, ‘দেশকে বাঁচাতে সাহসী মানুষ দরকার। এখন আর এমন মানুষ তৈরি হচ্ছে না। উল্টো আমরা দেখছি দুর্নীতিপরায়ণ মানুষ।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি শিশু একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, শুধু পড়ালেখা করেই নয়, চারদিকে সজাগ থেকে শিশুদের বড় হতে হবে। শিশুকে জাগ্রত করার দায়িত্ব শিশু সংগঠনগুলোকে নিতে হবে। চাঁদের হাটের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান জাকারিয়া পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধিবেশন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবদুর রহমান এবং কমিটির আহ্বায়ক ও সাংবাদিক নেতা শাহ আলমগীর।