জাল দলিলে জমি দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল দলিল তৈরি করে লন্ডন-প্রবাসী হাসান আলী ও তাঁর ভাইবোনের ৩১৮ শতক জমি দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার স্বস্তিপুর গ্রামের ইয়াজ চৌধুরী এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।হাসান আলীর চাচা আশরাফ আলী বাদী হয়ে গত ২৫ মে ১০ জনকে আসামি করে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন। আদালত নবীগঞ্জ থানার পুলিশকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।আসামিরা হলেন: স্বস্তিপুর গ্রামের ইয়াজ চৌধুরী, রাহেলা বেগম, বারকুল বিবি ও তাঁর ছেলে সোহেল আহম্মদ, দলিল লেখক মোছাদ্দি বখত চৌধুরী, শনাক্তকারী কবীর মিয়া, সাক্ষী মো. সিদ্দিকুর রহমান, আবদুল বারী চৌধুরী, কাউছার মিয়া ও জয়নাল মিয়া।মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁও মৌজায় পাঁচটি দাগে লন্ডন-প্রবাসী আতর আলীর ৩১৮ শতক জমি আছে। এর বর্তমান মূল্য প্রায় অর্ধকোটি টাকা। তিনি ১৯৯৪ সালে লন্ডনে মারা যান। উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক হন তাঁর পাঁচ ছেলে ও ছয় মেয়ে। তাঁরা সবাই লন্ডন-প্রবাসী।কিন্তু স্বস্তিপুর গ্রামের ইয়াজ চৌধুরীর নেতৃত্বে একটি চক্র পর পর পাঁচটি জাল দলিল সম্পাদন করে ওই জমি নিজেদের নামে করে নিয়েছেন। ইয়াজ চৌধুরী নিজের নামে ও তাঁর ছেলে গোলাম হোসেন চৌধুরী এবং বোন বারকুল বিবির নামেও জমির দলিল করেছেন। তিনি কিছু জমি ইতিমধ্যে অন্যের কাছে বিক্রিও করে দিয়েছেন।কথিত ওই জাল দলিল থেকে জানা গেছে, ইয়াজ চৌধুরী বিভিন্ন সময়ে ওই জমি মৃত আতর আলী ও তাঁর একমাত্র ছেলে হাসান আলীর কাছ থেকে কিনেছেন।লন্ডন-প্রবাসী হাসান আলী ফোনে প্রথম আলোকে বলেন, ‘ইয়াজ চৌধুরী আমার আত্মীয় হয়েও তিনি আমার নামের জায়গায় তাঁর ভাগনে সোহেল আহম্মদের ছবি বসিয়ে নিজেরাই ক্রেতা ও দাতা সেজে ভুয়া দলিল সম্পাদন করেছেন। আমার তো আরও ভাইবোন আছে। এ ছাড়া আমার বাবা মারা যান ১৯৯৪ সালে। অথচ একটি দলিলে দেখানো হয় ১৯৯৭ সালে আমার বাবা তাঁদের জমি রেজিস্ট্রি করে দিয়ে গেছেন।’মামলার বাদী আশরাফ আলী বলেন, ‘এক মাস হয়েছে আদালতে মামলা করেছি। আদালত নবীগঞ্জ থানাকে ব্যবস্থা নিতে বললেও এখনো মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) তৈরি করেনি। এদিকে ইয়াজ চৌধুরী ১৫ জুন আমার বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন।’ ইয়াজ চৌধুরী বলেন, ‘এ বিষয়ে যা বলার আদালতে বলব। এর বাইরে কারও কাছে কোনো মন্তব্য করতে রাজি নই।’নবীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার রেজাউল করিম বলেন, ‘রেজিস্ট্রি করার সময় শনাক্তকারী ও সাক্ষীর বিধান রাখা আছে। তাঁরা যদি ভুল ব্যক্তিকে শনাক্ত করেন, সেখানে আমার কিছু করার থাকে না।’মামলার তদন্ত কর্মকর্তা নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচনসহ অন্য কাজে ব্যস্ত থাকায় এখনো এ মামলার তদন্ত সম্পন্ন করতে পারিনি।’