ফরিদপুরের অন্যতম বেসরকারি কলেজ ফরিদপুর মহাবিদ্যালয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাসের জাল সনদ দিয়ে দীর্ঘদিন ধরে চাকরি করছেন দুই শিক্ষক। এঁদের একজন এমপিওভুক্ত হয়ে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন লাখ টাকা সরকারি কোষাগার থেকে বেতন হিসেবে গ্রহণ করেছেন।
গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক এ এইচ এম জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষা পরিদর্শক শেখ মো. বদরুল আলম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক নিরীক্ষা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত এই কলেজটিতে গত বছরের ১১ মে পরিদর্শন ও নিরীক্ষা সম্পন্ন হয়। ওই নিরীক্ষায় বের হয়ে আসে দুই শিক্ষকের জাল নিবন্ধন সনদের তথ্য।
ওই নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, মহাবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাধা রানী সরকার এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নরেশ চন্দ্র মণ্ডলের (ইনডেক্স নম্বর ১৩২৫০৩১৮) নিবন্ধন সনদটি সঠিক নয় বিধায় তাঁদের নিয়োগ অবৈধ। রাধা রানী সরকার এমপিওভুক্ত নন। তিনি ভবিষ্যতেও এমপিওভুক্ত হওয়ার যোগ্য নন। অপর দিকে নরেশ চন্দ্র মণ্ডল ২০১২ সালের ২৫ ডিসেম্বর এমপিওভুক্ত হন। ফলে ওই দিন থেকে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত তিনি সরকারি কোষাগার থেকে মোট ৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকা গ্রহণ করেছেন, যা ফেরতযোগ্য।
অডিট কমিটির প্রতিবেদন সম্পর্কে গতকাল শুক্রবার নরেশ চন্দ্র মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, ‘আমার নিবন্ধন বিষয়ে অডিট কমিটির আপত্তি ও টাকা ফেরত দেওয়ার সুপারিশ-সংবলিত প্রতিবেদন আমি পেয়েছি। বিষয়টি আমি যাচাই-বাছাই করে দেখছি।’ তাঁর নিবন্ধন ভুয়া কি না—এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে নিজে যাচাই করে পরে জানাব।’
অভিযোগ সম্পর্কে সরাসরি উত্তর না দিয়ে রাধা রানী সরকার গতকাল শুক্রবার বলেন, ‘নিরীক্ষা প্রতিবেদন পাওয়ার পর আমি কলেজ কর্তৃপক্ষের কাছে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছি।’
ফরিদপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা-সংবলিত চিঠিটি আমি আজ হাতে পেয়েছি। আমি চিঠিটি পড়ে দেখিনি।’ তিনি বলেন, ওই দুই শিক্ষক এ ব্যাপারে ১৫ দিন সময় চেয়েছেন। আজ শনিবার মহাবিদ্যালয়ে শিক্ষক কাউন্সিলের সভার নির্ধারিত তারিখ। ওই সভায় আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।