জাল নোটের বিস্তার, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ রোধে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করবে। দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের নিয়ে গঠিত টাস্কফোর্স ঢাকায় বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে করণীয় সম্পর্কে বিভিন্ন নির্দেশনা ও পদক্ষেপও ঠিক করা হয়।
বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মপরিধি নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিআইজি) মোখলেসুর রহমান এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) মহাপরিদর্শক (আইজি) এস কে সিংসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, জাল নোটের বিস্তার বন্ধ করার জন্য এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই দেশের সম্মতিক্রমে একটি সমঝোতা স্মারক (এমওএ) তৈরি হয়েছে, যার আলোকে এই টাস্কফোর্স কাজ করবে। টাস্কফোর্সে বাংলাদেশের পক্ষ থেকে ২৬ ও ভারতের পক্ষ থেকে ১৫ জন প্রতিনিধি রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী বছরে দুবার সভা করবে টাস্কফোর্স। তারই অংশ হিসেবে ভারতে টাস্কফোর্সের প্রথম সভা হয়। আর ১২ ও ১৩ আগস্ট বাংলাদেশে পুলিশ সদর দপ্তরে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো।
সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান বলেন, ‘আমরা জাল নোটের বিস্তার ও এর সঙ্গে জড়িত অপরাধীদের তৎপরতা বন্ধ করতে চাই। ভারতীয় পক্ষ তাদের জাল নোট বিস্তার নিয়ে উদ্বিগ্ন। আমাদের দেশেও জাল নোটের বিস্তার ঘটছে। আমরা সার্বিক প্রচেষ্টার মাধ্যমে জাল নোটের বিস্তার রোধ করতে কাজ করে যাচ্ছি। এ জন্য পারস্পরিক তথ্য বিনিময়, তথ্যভান্ডার (ডেটাবেইস) তৈরি, জাল নোটের উৎস অনুসন্ধানসহ জাল নোট প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে আমরা ঐকমত্য হয়েছি।’
মোখলেসুর রহমান বলেন, ‘আমরা সিআইডিতে জাল নোট পরীক্ষা-নিরীক্ষা করে আসছি। আমরা যথেষ্ট পরিমাণে জাল নোট পরীক্ষা-নিরীক্ষা করতে সক্ষম। তদুপরি ভারতীয় পক্ষ সার্বিক কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।’ তিনি বলেন, ‘জাল নোট আরও অনেক বড় অপরাধ, যেমন—অর্থ পাচার, মাদক কেনাবেচাসহ সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। আমরা সবগুলোকেই যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে চাই। সভায় শুধু জাল নোট নিয়েই আলোচনা হয়নি, সন্ত্রাসবাদ, মাদকসহ বিভিন্ন অপরাধ কীভাবে রোধ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।’
ভারত থেকেও বাংলাদেশে জাল নোট আসছে কি না—সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান বলেন, ‘আমাদের দেশে অপরাধীদের অনেক অপরাধ সংঘটিত করার জন্য ভারতীয় নোট দরকার পড়ে। তাই খুব স্বাভাবিকভাবেই এ দেশে জাল নোট পাচার হতে পারে। আমরা সেই দিকেই নজর রাখছি।’ তিনি বলেন, ‘আমাদের দেশে জাল নোট তৈরি ও বিস্তারের সঙ্গে কারা জড়িত, তার হিসাব পুলিশের কাছে আছে। আমরা ভারতের জাল নোট তৈরির সঙ্গে জড়িতদেরও হিসাব নেওয়ার চেষ্টা করছি।’
ভারতে বিভিন্ন অপরাধী আটক ও তাদের ফিরিয়ে আনার ব্যাপারে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—প্রশ্ন করলে মোখলেসুর রহমান বলেন, ‘এটা আমাদের আলোচনার ম্যান্ডেট ছিল না।’
বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—প্রশ্ন করলে মোখলেসুর রহমান বলেন, ‘সোনা পাচার নিয়ে আলোচনা হয়েছে। তবে আমরা মাদক, বিশেষ করে ভারত থেকে এ দেশে ফেনসিডিল আসার বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারতীয় পক্ষ জাল নোট নিয়ে উদ্বিগ্ন। আমরাও ভারত থেকে এ দেশে ফেনসিডিল আসা নিয়ে উদ্বিগ্ন। এসব বন্ধে ভারতীয় পক্ষ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
সম্মেলনে এস কে সিং বলেন, ‘আমি আশা করি, দুই দেশ একসঙ্গে কাজ করলে এসব অপরাধীকে প্রতিরোধ করা সম্ভব।’