জাল নোট তৈরির অভিযোগ দুই বিদেশিসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোট নিয়ে প্রতারণার অভিযোগে দুই বিদেশিসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাতে রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের বিদেশি জাল মুদ্রা ও মুদ্রা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: দক্ষিণ আফ্রিকার নাগরিক জিংগে ফিলিক্স সিফু ও ক্যামেরুনের নাগরিক সামজেলা ক্রিস এবং বাংলাদেশি গোলাম কিবরিয়া, স্টিফেন লুক, ইউসুফ আলী, জাহিদ হোসেন, দানিস আলম ও সালমা বেগম।এতে বলা হয়, গত শুক্রবার মধ্যরাতে ডিবির একটি দল গুলশান থানার নিকেতন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে ফিলিক্স, সামজেলা, কিবরিয়া, স্টিফেন লুক ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছে থাকা জাল ৪৫ হাজার ৮০০ ইউএস ডলার, জাল ১২ হাজার ৫০০ ইউরো, একটি প্রিন্টার, দুটি ল্যাপটপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল মুদ্রা বাংলাদেশি মানে প্রায় ৫০ লাখ টাকা।ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান বলেন, গ্রেপ্তার স্টিফেন লুক একজন বাংলাদেশি। সম্প্রতি লন্ডন-ফেরত সিলেটের এক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে তিনি সাত লাখ টাকা আত্মসাৎ করেন। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই মূলত গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়। ডিবির কর্মকর্তা বলেন, ওই দুই বিদেশি নাগরিক বাংলাদেশে এসে বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করা শুরু করেন এবং স্টিফেন লুক, কিবরিয়া ও ইউসুফদের সহায়তায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। বিদেশে পাঠানোর নামে লোকজনের সঙ্গে প্রতারণা করেও আসছিলেন তাঁরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অভিযানের আগে ডিবির এডিসি খোন্দকার নূরুন্নবীর নেতৃত্বে ডিবির আরেকটি দল মোহাম্মদপুর থানার ব্লক-এ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে জাহিদ, দানিস ও সালমাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছে থাকা ৪০ লাখ টাকা মূল্যমানের জাল ভারতীয় রুপি উদ্ধার করা হয়।