জাল-নৌকা নিয়ে মৎস্যজীবীরা রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যানগাড়ির ওপর নৌকা। তাতে একটি জাল আর মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম। জলায় কোনো অধিকার না থাকলে মৎস্যজীবীরা মাছ ধরবেন কোথায়? এই প্রশ্ন নিয়ে সিলেটের মৎস্যজীবীরা গতকাল রোববার সকালে অভিনব শোভাযাত্রা করেছেন।মাছধরার জাল-নৌকা নিয়ে রাস্তায় শোভাযাত্রা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। স্মারকলিপিতে মৎস্যজীবীদের অধিকার আদায়ে ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবে কার্যকর করার দাবি জানানো হয়।স্মারকলিপি দেওয়ার পর সিলেট নগরের সুরমা নদীর কিনব্রিজ এলাকায় সমাবেশে মিলিত হন মৎস্যজীবীরা। জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ কার্যকর করার দাবি জানিয়ে সমাবেশে বলা হয়, জেলায় এক হাজার ৮০০ মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে মাত্র ৬০০টি সমিতি জলমহাল পেয়েছে। মৎস্যজীবী শনাক্তকরণে মৎস্যজীবী-প্রতিনিধি না থাকায় ভুঁইফোড় সমিতি গঠিত হয়েছে। এ কারণে প্রকৃত মৎস্যজীবীরা হয়েছেন বঞ্চনার শিকার।সমাবেশে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ মৎস্যজীবীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। জলাভূমিতে মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারি সংস্থা আইডিয়ার নির্বাহী প্রধান নজমুল হকের সভাপতিত্বে সমাবেশে টিআইবির সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট বিভাগের সমন্বয়কারী সুসেন্দ্র চন্দ্র নম বক্তৃতা করেন।