জাল পরোয়ানায় হয়রানির চেষ্টা
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাল গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করে দুই ব্যক্তিকে হয়রানির চেষ্টা করা হয়েছে। আদালতের কাছে বিষয়টি ধরা পড়ায় আদালত পটুয়াখালীর পুলিশ সুপারকে (এসপি) বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জাল পরোয়ানাগুলো নথিজাত করার নির্দেশ দিয়েছেন।
গত ২৪ নভেম্বর গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।
পটুয়াখালীর গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর গলাচিপা উপজেলার পূর্ব গোলখালী গ্রামের জিতেন্দ্র হাওলাদারের ছেলে অরুন হাওলাদারের বিরুদ্ধে পঞ্চগড়ের আটোয়ারী থানার ২০(৬) ১০ নম্বর এবং দায়রা ৮২/১২ নম্বর মামলার আসামি হিসেবে একটি গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে আদালতে পৌঁছায়। একই দিন পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের একই স্মারকের মাধ্যমে অরুন হাওলাদারের ভাই ধীরেন হাওলাদারের বিরুদ্ধে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার মামলা নম্বর ২৯(৮) ১২ দায়রা নম্বর ১২৭/১৩ মামলার আসামি হিসেবে অপর একটি গ্রেপ্তারি পরোয়ানা আদালতে পৌঁছায়। গ্রেপ্তারি পরোয়ানা দুটি গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের রেজিস্টারভুক্ত করার সময় সংশ্লিষ্ট আদালতের (পঞ্চগড়ের) সিল এবং বিচারকের স্বাক্ষর সঠিক নয় বলে সন্দেহ করা হয়।
এ ঘটনায় ওই দিনই জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলাম পঞ্চগড় জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শককে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। পঞ্চগড় আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম খানের ১৩ নভেম্বর স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, পঞ্চগড় আদালতের জিআর রেজিস্টার পর্যালোচনা করে দেখা গেছে, অরুন হাওলাদারের বিরুদ্ধে কোনো মামলা নেই।
তা ছাড়া আটোয়ারী থানার ২০(৬) ১০ নম্বরের কোনো জিআর মামলার রেকর্ড আদালতে নেই। একইভাবে ধীরেন হাওলাদারও দেবীগঞ্জ থানার কোনো মামলা আসামি নন।
অরুন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘এই গ্রেপ্তারি পরোয়ানা দুটি ছাড়াও আমার ভাই এবং আমার নামে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা গলাচিপা থানায় এসেছে বলে গলাচিপা থানার এক পুলিশ সদস্য আমাকে জানিয়েছেন। তিনি এগুলো মিটমাট করে দেবেন বলে আমাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। আমরা তাতে রাজি হইনি। পুলিশের ওই সদস্য অন্যত্র বদলি হয়ে গেছেন। আমাদের ধারণা জাল গ্রেপ্তারি পরোয়ানা তৈরিতে তাঁর হাত আছে।’