জাল পাসপোর্ট কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় গতকাল বৃহস্পতিবার জাল পাসপোর্ট তৈরির কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে ডিবি পুলিশ দনিয়ার ছনটেক এলাকার তিতুমীর সড়কে শাহজাহানের ভাড়া বাসায় অভিযান চালায়। তারা জাল পাসপোর্ট তৈরি চক্রের প্রধান শাহজাহান (৪৮) ও তাঁর সহযোগী আবদুল মালেককে (৩৫) গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই বাসায় লুকিয়ে রাখা বিপুল পাসপোর্ট তৈরির কাগজ, বিশেষ কিছু যন্ত্র এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও অভিবাসন (ইমিগ্রেশন) কর্মকর্তার ও দেশি-বিদেশি ভিসা তৈরির সিল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডিবির সহকারী কমিশনার নাসিরউদ্দিন খান বলেন, শাহজাহান ও মালেক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁদের সহযোগীরা জাল পাসপোর্ট রোহিঙ্গাদের কাছে বিক্রি করেন। রোহিঙ্গারা একেকটি জাল পাসপোর্ট ৬০ হাজার টাকায় কিনে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যায়।