জাল পাসপোর্টধারী রোহিঙ্গাসহ চার জন আটক
জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ানমার থেকে আসা দুই রোহিঙ্গাসহ চারজনকে আটক করেছে আর্মড পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে কর্তব্যরত আর্মড পুলিশ বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে নূর হাবা ও নূর আহমদ নামের দুই ব্যক্তিকে ‘গলাকাটা পাসপোর্ট’সহ আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইউসুফ ও হাশিম নামের দুজনকে আটক করে পুলিশ। আর্মড পুলিশ কর্মকর্তারা বলেন, আটক ইউসুফ ও হাশিম জনপ্রতি তিন লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের কাছে ভিসাসহ পাসপোর্ট বিক্রি করেছে। তাদের ব্যবহূত পাসপোর্ট দুটি অভিবাসন পুলিশের হাতে জাল বলে ধরা পড়ে। আটক নূর হাবা ও নূর আহমদের বাড়ি মিয়ানমারের মঙ্গ ও মংডু জেলায়। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। কয়েক বছর ধরে মিয়ানমার থেকে আসা উদ্বাস্তু রোহিঙ্গাদের অনেকে বিভিন্ন উপায়ে বাংলাদেশের পাসপোর্ট জোগাড় করে বিদেশে গেছে বলে অভিযোগ রয়েছে। তাদের অনেকে বিদেশে অপরাধ করে গ্রেপ্তার হয়েছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ রয়েছে।