জাল পাসপোর্টে বিদেশে যাওয়ার সময় সাতজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল পাসপোর্টে বিদেশে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে গত বৃহস্পতিবার গভীর রাতে সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের জাল পাসপোর্ট দেওয়ার অভিযোগে তিনজন দালালকে আটক করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এই ১০ জনকে আটক করে।এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এপিবিএনের সাদা পোশাকের সদস্যরা সন্দেহভাজন সাত যাত্রী—রুবেল পাইকার (২২), স্বপন মিয়া (২২), ইমরান হোসেন (২৮), প্রদীপ চন্দ্র শীল (৪৫), জাকির মিয়া (২১), মিজানুর রহমান (২৬) ও মো. নুরুল আলমকে (২৬) আটক করেন। তাঁদের ব্যাগ তল্লাশি করে প্রত্যেকের দুটি করে পাসপোর্ট পাওয়া যায়। এর মধ্যে একটি করে জাল পাসপোর্ট ছিল। তাঁদের এসব জাল পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগে তিন দালাল—মোশারফ হোসেন (২৬), মো. রুবেল (৩২) ও আবুল হোসেন ভূঁইয়াকে (৪১) আটক করে এপিবিএন। আটক যাত্রীরা জিজ্ঞাসাবাদে জানান, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁদের থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ছিল। সেখান থেকে চোরাই পথে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল।এপিবিএনের সহকারী পুলিশ সুপার আতিকুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ওই সাতজন বৈধ পাসপোর্টে ভ্রমণ ভিসায় ব্যাংককে যাচ্ছিলেন। সেখান থেকে লাওসে গিয়ে চোরাই পথে মালয়েশিয়া যাওয়ার জন্য তাঁদের প্রত্যেককে জাল পাসপোর্ট দেয় দালালেরা।