জাল প্রত্যয়নপত্রে ছয় বছর চাকরি
অভিজ্ঞতার জাল প্রত্যয়নপত্র জমা দিয়ে সাতক্ষীরার পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আবদুল মাজেদ ছয় বছর ধরে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ার পরও এ যাবৎ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান শিকারী জানান, ২০০৪ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় দেওয়া বিজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধি অনুযায়ী কোনো এমপিওভুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগে পেতে হলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ টানা ১৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ওই পদে আবেদনকারী চারজনের সাক্ষাৎকার নেওয়ার পর ২০০৪ সালের ১ জুনের মধ্যে যোগদানের জন্য আবদুল মাজেদকে নিয়োগপত্র দেওয়া হয়। তাঁকে যোগদানের সময় প্রয়োজনীয় অভিজ্ঞতার প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দাখিল করতে বলা হয়। কিন্তু তিনি ২০০৪ সালের ৩০ মে যোগদান করে অভিজ্ঞতার সনদপত্র পরে জমা দেওয়ার জন্য সময় নেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার রামপুরা একরামুন্নেছা উচ্চবিদ্যালয় ও ঢাকার বনানীর টিঅ্যান্ডটি বালক উচ্চবিদ্যালয়ের দুটি অভিজ্ঞতার সনদপত্র জমা দেন। ফজলুর রহমান আরও জানান, আবদুল মাজেদের জমা দেওয়া টিঅ্যান্ডটি বালক উচ্চবিদ্যালয়ের সনদপত্রটি জাল জানতে পেরে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ২০০৮ সালের ২১ অক্টোবর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তৎকালীন জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। এ ব্যাপারে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন গত ১৮ মার্চ জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, আবদুল মাজেদ সহকারী প্রধান শিক্ষক হিসেবে কখনো চাকরি করেননি। ঢাকার বনানীর টিঅ্যান্ডটি বালক বিদ্যালয়টি এমপিওভুক্ত নয়। এ ক্ষেত্রে নিয়োগবিধি ও এ-সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশাবলি উপেক্ষিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকেশ চন্দ্র বিশ্বাস গত ২৬ এপ্রিল পিএন মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বরাবর প্রধান শিক্ষক আবদুল মাজেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করেন। টিঅ্যান্ডটি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা বেগম জানান, পিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুুল মাজেদ টিঅ্যান্ডটি বালক উচ্চবিদ্যালয়ের নামে জাল প্রত্যয়নপত্র দাখিল করেছেন। জাল প্রত্যয়নপত্র দাখিলের ব্যাপারে জানতে চাইলে আবদুল মাজেদ চুপ থাকেন। প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভুল তথ্য দিয়ে নিয়োগ পেয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আইন রয়েছে। প্রয়োজন হলে দেখাতে পারব।’ পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ আবদুর জব্বার গত মঙ্গলবার জানান, তিনি কিছুদিন আগে বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সভাপতি হয়েছেন। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন।