জাল ভিসা তৈরির দায়ে পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জাল কার্ড ও ভুয়া ভিসা তৈরির সঙ্গে জড়িত থাকার দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দৈনিক বাংলা মোড়ের আলিফ কম্পিউটার নামের একটি প্রতিষ্ঠান থেকে তাঁদের আটক করে র্যাব। পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, গতকাল বিকেলে র্যাব-৩-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে আলিফ কম্পিউটার নামের দোকান থেকে ২০টি জাল বিএমইটি কার্ড, তিনটি জাল জাতীয় পরিচয়পত্র, একটি জাল বিএমইটি কার্ড তৈরির বিশেষ প্রিন্টার ও কম্পিউটারের বিভিন্ন ইনপুট ও আউটপুট যন্ত্র উদ্ধার করা হয়। অবৈধ এ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ স্বপন মাহমুদ (৪৬), আবু কায়েস নুরুন্নবী (৫৭), শফিউল্লাহ (৩২), কামরুজ্জামান (৩৫) এবং ফকরুল ইসলামকে (২৮) আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথম চারজনকে ছয় মাস করে এবং ফকরুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।