জাল ভোট ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ, দুই আ.লীগ প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি ও ভোলার চরফ্যাশন পৌরসভায় গতকাল সোমবার নির্বাচন হয়েছে। দুই জায়গাতেই আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
প্রাথমিক ফলাফলে চরফ্যাশন পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ। তিনি পেয়েছেন ১৪ হাজার ৯৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪০৫ ভোট। শাহরাস্তি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল লতিফ ১১ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন ৬ হাজার ৯৯৯ ভোট।
সীমানা জটিলতা ও মেয়াদপূর্তি না হওয়ায় এই দুই পৌরসভায় গত ৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি।
শাহরাস্তিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে পাঁচটি ভোটকেন্দ্র দখল করে বলে অভিযোগ করেছেন বিরোধী প্রার্থীরা। একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া তিনটি কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১ নম্বর ওয়ার্ডের কাজির কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী অহিদুর রহমানের সমর্থকেরা ২০০টি ব্যালট পেপার ছিনিয়ে নেন। পরে রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।
বিএনপির মেয়র প্রার্থী মোস্তফা কামালের এজেন্ট আকতার হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ৪ নম্বর ওয়ার্ডের করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে হামলা চালিয়ে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারতে থাকেন। তাঁরা কামালের ভাই বাবলুকে মারধর করে আটক রাখেন।
৫ নম্বর ওয়ার্ডের উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলী আশরাফ খান বলেন, ‘সকালে কিছু সন্ত্রাসী হামলা করে ৭০ থেকে ৮০টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে বাক্সে ঢুকিয়েছে। তবে সেগুলোতে কর্মকর্তার স্বাক্ষর ও সিল নেই।’ ১২ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ বলেন, সকাল ১০টায় সন্ত্রাসীরা ৫০টির মতো ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারে।
রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান বলেন, শাহরাস্তিতে চারটি ভোটকেন্দ্রে গোলযোগ হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি আটটি কেন্দ্র স্বাভাবিক ছিল।
তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল প্রথম আলোকে বলেন, ভোটারদের উপস্থিতিতে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোলার চরফ্যাশন পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আমিরুল ইসলাম বলেন, ভোটারদের নৌকার পক্ষে সিল দিতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, কমপক্ষে চারটি কেন্দ্রে সরকার-সমর্থিত লোকজন কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছেন।
৫ নম্বর ওয়ার্ডের করিমজান মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে মো. শাকিল নামের এক এসএসসি পরীক্ষার্থীকে আচরণবিধি ভঙ্গের দায়ে এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম শিবলী নোমান।