জাল ভোট, কেন্দ্র দখল ও সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলায় গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৬৩৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শেরপুরের নকলা ও শ্রীবরদী এবং চাঁদপুরের সদর হাইমচর উপজেলায় বেশ কিছু কেন্দ্রে জাল ভোট পড়েছে। বরুড়ায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কয়েকটি ভোটকেন্দ্র দখল করার অভিযোগ পাওয়া গেছে।
ভোট কারচুপির অভিযোগে নকলা উপজেলার একটি ও চাঁদপুর সদর উপজেলায় ছয়টি ইউপির নির্বাচনে অংশ নেওয়া বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। শ্রীবরদী, নকলা, চাঁদপুর সদর ও হাইমচর, সুনামগঞ্জের ছাতক, কুমিল্লার বরুড়া ও সদর দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি নির্বাচন চলাকালে প্রিসাইডিং কর্মকর্তাসহ দেড় শতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে ছাতক ও সদর দক্ষিণে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। অনিয়মের অভিযোগ ওঠায় নকলা ও বরুড়ায় ছয়টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। বরুড়া ও নকলায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর শ্রীবরদী সদর ইউনিয়নের মরিচাপুরা হাইস্কুল কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্য প্রার্থী আসাদ মিয়া ও মাফিজল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আজিজুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা তিনটার দিকে কুরুয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ পাঁচজন আহত হন। অপর দিকে বেলা দুইটার দিকে সিংগাবরুণা ইউনিয়নের বকুলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন আহত হন। নকলার উরফা ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন।
চাঁদপুর: ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে গতকাল বেলা একটায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সদরের ছয় ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এঁরা হলেন তরপুরচণ্ডী ইউপির সরদার রফিকুল ইসলাম, কল্যাণপুরের সাইফুল আলম খান, আশিকাটির দেলোয়ার হোসেন, বাগাদীর মোহাম্মদ আলী পাঠান, চান্দ্রার শাহজাহান খান ও রামপুর ইউপির জাকির হোসেন তালুকদার। সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টায় চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে নৌকার সমর্থকেরা কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভরেন। পরে জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান সেখানে গিয়ে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেন। একই সময় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখল করার চেষ্টা করলে সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২টি ফাঁকা গুলি ছোড়ে। একই সময় সদর উপজেলার রপুরচণ্ডী, আশিকাটি, কল্যাণপুর ও রামপুর, বাগাদী ও চান্দ্রা ইউনিয়নে নৌকার সমর্থকেরা বিভিন্ন কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারেন। বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করার ঘোষণা দেন। এদিকে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার কামাল জানান, হাইমচরের চরভৈরবী ইউনিয়নের আজিজিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ায় ও প্রিসাইডিং কর্মকর্তা বি এম এ মান্নাফকে মারধর করার অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়।
কুমিল্লা: সকাল ৯টা ৫০ মিনিটে বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের পেরপেটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনজুর হোসেনের চাচার বাড়ি থেকে ২৫টি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় ওই চেয়ারম্যান প্রার্থীর ছেলে জামিল হোসেনসহ তাঁর আরও ১৫ জন বন্ধুকে ককটেলসহ আটক করে। এরপর তাঁদের ঘণ্টা দু-এক পর ছেড়ে দেয় পুলিশ। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। উপজেলার আড্ডা ইউনিয়নের পিলগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিলগিরি মাদ্রাসা ভোটকেন্দ্র সকালের দিকে দখলে নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই ইউনিয়নে বিএনপিও দখল করে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আগানগর ইউনিয়নেও বিএনপি ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ভাগাভাগি করে কেন্দ্র দখল করেন। সকাল নয়টায় বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী শাহ আলম পাটোয়ারীকে আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মারধর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে তাঁরা ওই কেন্দ্র দখল করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, বেলা ১১টায় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুকুন্দপুর ও মার্কিং সিল ছিনতাইয়ের অভিযোগে ভঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়নে সকাল থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখল ও জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হন দুজন। এ উপজেলার চৌয়ারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ ইদ্রিস দুপুর ১২টায় নির্বাচন থেকে সরে দাঁড়ান।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে হাদলানি গ্রামের সাইফুল ইসলাম (২১) ও জুনেদ মিয়াকে (২০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল দুপুর ১২টার দিকে নবীনগরের বিটঘর ইউনিয়নের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা একটার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা পরপর তিনটি ককটেল ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করলে ভোট গ্রহণ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মান্নান বলেন, কিছু বহিরাগত লোক কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারতে চাওয়ায় ভোট গ্রহণ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ১০টায় লাউরফতেহপুর ইউপির টানচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জহীরুল হক ও আওয়ামী লীগের প্রার্থী ফারুক আহমেদ সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জহীরুল হকসহ উভয় পক্ষের আটজন আহত হন।