জাল ভোটের অভিযোগ দুজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে জাল ভোট, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াসহ পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার ফুরসন্দি ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান মণ্ডল ভোটারদের হুমকি, কেন্দ্রে যেতে বাধা প্রদান ও জাল ভোট দেওয়ার অভিযোগে বেলা তিনটায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ বলেন, দলের নেতাদের বিষয়টি অবহিত করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
হরিণাকুণ্ডু উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার কাপাসহাটিয়া ইউপির শিতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে মোতালেব জোয়াদ্দার (২৫) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই ধরনের ঘটনায় সদরের কালীচরণপুর ইউপির উত্তর কাষ্টসাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আল-আমিন নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বেলা ১১টায় সদর উপজেলার হরিশংকরপুর ইউপির পানামি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীক ছাড়া অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্টদের দেখা যায়নি। একই অবস্থা ছিল হরিশংকরপুর ও সিতারামপুরে। পদ্মাকর ইউপির বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। হরিণাকুণ্ডুর শিতলী মান্দারতলা, ভাতুড়িয়া, কাপাসহাটিয়া, ঘোড়দা কেন্দ্রে দেখা যায়, সেখানে ভোটারদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। পথে পথে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন একাধিক প্রার্থী। রঘুনাথপুর ইউপির ভবিতপুর কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে কান ধরে ওঠবস করানো হয়। এই কেন্দ্রে এসে এক নারী ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ভোট আগেই দিয়ে দেওয়া হয়। ওই নারী বলেন, তাঁর ভোট কেন অন্যরা দিয়ে দেবেন। এ ছাড়া নলডাঙ্গা, ফুরসন্দি ইউপির বেশ কয়েকটি কেন্দ্রে ক্ষমতাসীন দলের সমর্থকদের ভোটারদের প্রভাবিত করতে দেখা যায়।
সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ বলেন, পোড়াহাটিতে রাশেদ আলী নামের একজনকে মারপিট করেছে সন্ত্রাসীরা। দুর্গাপুর, হিরাডাঙ্গা, চাপড়ি, কালীচরণপুর, নাচনা, বড়কামারকুণ্ডু এলাকায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। উত্তর কাষ্টসাগরা কেন্দ্রে রেজাউল ইসলাম মাস্টার নামের আরেকজনকে মারধর করে প্রতিপক্ষ। কামাল আজাদ বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পেরে ভোটাররা হতাশা প্রকাশ করেছেন।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো প্রার্থী অনিয়মের অভিযোগও করেননি।