জাল ভোট আর সহিংসতায় দক্ষিণের নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ভোট, গুলিবর্ষণ, সহিংসতা, সাংবাদিকদের কর্তব্যে বাধা দেওয়া ও অল্পসংখ্যক ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পুরান ঢাকার বুলবুল ললিতকলা একাডেমি কেন্দ্রে ঘটেছে গুলিবর্ষণের ঘটনা। সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবি নজরুল ইসলাম কলেজ কেন্দ্র ও পোগোজ স্কুল কেন্দ্রে ব্যাপক সহিংস ঘটনা ঘটে। এই কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া দক্ষিণের অনেক কেন্দ্রে ছিল ছোটখাটো সহিংস ঘটনা।
গতকাল সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরুর পরপরই সরকারি দল ও তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভোটকেন্দ্রগুলোতে অবস্থান নেন। ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন থাকলেও কার্যত কেন্দ্রগুলো ছিল ওই দল ও সংগঠনগুলোর নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে। অধিকাংশ কেন্দ্রেই বিএনপি বা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী এজেন্টকে দেখা যায়নি।
১৩ নম্বর ওয়ার্ডের মূক ও বধির স্কুল কেন্দ্রের ৪ নম্বর বুথে মির্জা আব্বাসের নির্বাচনী এজেন্টকে বের করে দিয়ে সাঈদ খোকনের পক্ষে মাছ মার্কায় জাল ভোট দেওয়া হচ্ছিল। পাশেই ৩ নম্বর বুথে মির্জা আব্বাসের নির্বাচনী এজেন্ট কফিল উদ্দিন সরকার বলেন, ‘অবস্থা তো দেখছেন। কতক্ষণ থাকতে পারব, জানি না।’
আলী আকবর বয়সে প্রবীণ। তাঁর ভোটকেন্দ্র ইস্ট বেঙ্গল স্কুল। সকাল নয়টায় ভোটকেন্দ্রে গেলে পুলিশই বলেন, ‘চাচা, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। বাড়ি গিয়ে ঘুমান।’ আলী আকবর উত্তেজিত হয়ে বলেন, ‘হ যাই। তবে মনে রাইখেন একদিন ঘুম ভাঙব!’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডি, কলাবাগান, সেন্ট্রাল রোড, এলিফ্যান্ট রোড, ঝিগাতলা, আজিমপুর—এসব অঞ্চল পড়েছে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে। এই অঞ্চলের ২২টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালের দিকে ভোটের পরিবেশ ভালো থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজন কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিয়েছেন। বেশির ভাগ কেন্দ্রেই বিএনপির মেয়র বা কাউন্সিলর প্রার্থীর পক্ষে এজেন্ট পাওয়া যায়নি।
দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের এক বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর দাপটে অস্থির ছিল পুলিশ ও প্রশাসন। এই ওয়ার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এখানে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। ওই বিদ্রোহী প্রার্থীর নাম মঈন উদ্দিন আহমেদ। তিনি জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। মঈন উদ্দিনের সমর্থকেরা কেন্দ্র দখল করতে পারেন—এমন আশঙ্কায় সোমবার রাতে জহুরুল হক হলে পুলিশ ও র্যাবের অভিযান চলে। এ সময় তাঁর ২৬ জন সমর্থককে আটক করা হয়, যাঁদের সবাই বহিরাগত।
বেলা দেড়টার দিকে শাহজাহানপুর (ঢাকা দক্ষিণের ওয়ার্ড নং-১১, কেন্দ্র নং-১৮৫) এলাকার মাহবুব আলী ইনস্টিটিউট কেন্দ্রের ভেতরে ঢুকে দেখা যায় সেখানে কেন্দ্র দখল করে রীতিমতো ভোট উৎসবে মেতেছেন সরকারদলীয় সমর্থকেরা। বিশাল এক হলরুমে স্থাপিত এ কেন্দ্রের বিভিন্ন বুথের টেবিল, চেয়ার ও মেঝেতে শত শত কর্মী নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরে তা বাক্সে ঢোকাচ্ছেন। এ সময় বুথের আশপাশে কোনো নির্বাচন কর্মকর্তাকে দেখা যায়নি। পরে তাঁদের খুঁজে পাওয়া গেল কেন্দ্রের ভেতরে একটি কক্ষে। সেখানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় অসহায়ের মতো এদিক-সেদিক ফোন করছেন। আর কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা অসহায়ের মতো এদিক-সেদিক ঘুরছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে সেখানে অনেকটা লাঠিপেটা করেই কেন্দ্র দখলকারীদের বিতাড়িত করেন।