জাল ভোট, প্রকাশ্যে সিল মারা, সংঘর্ষ ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে গতকাল শনিবার জামালপুরের ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট নেওয়া হয়েছে। বেশির ভাগ কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে ভোটারদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রকাশ্যে সিল মারা নিয়ে উপজেলার গাইবান্ধা ইউপির পোড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। একই ইউপির মরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট দেওয়া ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। অন্যদিকে বেলা ১১টায় চর পুটিমারী ইউপির সাজলেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইন ভেঙে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একই ইউপিতে আখড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে সিল মারাকে কেন্দ্র করে নারী ইউপি সদস্য প্রার্থী কল্পনা বেগমের সঙ্গে সদস্য প্রার্থী আলকাছ আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। এসব ঘটনায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক গণমাধ্যম কর্মীদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রায় ১০০টি ফাঁকা গুলি ছুড়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশির ভাগ কেন্দ্রেই ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এ ছাড়া দুপুর ১২টার দিকে চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিচর উচ্চবিদ্যালয়ে, ডিগ্রিচর পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র, ডিগ্রিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশির ভাগ কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দিতে ভোটারদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চর গোয়ালিনী ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ সরকার প্রকাশ্যে সিল দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
চর পুটিমারী ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল নয়টার পরপরই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা বেশির ভাগ কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দিতে ভোটারদের বাধ্য করেন। এ ছাড়া ৪ নম্বর চরে বেলা ১১টার প্রকাশ্যে সিল মারেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা। এসব অভিযোগ অস্বীকার করে চর পুটিমারী ইউপির আওয়ামী লীগের প্রার্থী সামছুজ্জামান বলেন, পরাজয়ের ভয়ে তিনি আবোলতাবোল কথাবার্তা বলেছেন। সব কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে চারটি ইউপির বেশির ভাগ কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।