জাল ভোট, নির্বিকার নির্বাচন কর্মকর্তা
আন্দরকিল্লা মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চবিদ্যালয় কেন্দ্র। সকাল ৯টা ৪৫ মিনিট। বিদ্যালয়ের নিচতলায় লাইনে দাঁড়িয়ে আছেন পাঁচ-ছয়জন নারী ভোটার। তিন তলার পুরুষ ভোটারদের প্রথম বুথের ভোটদানের গোপন কক্ষের পর্দা ওল্টানো।
ওই বুথে একজনকে দেখা গেল ব্যালটে সিল মারছেন। অন্যজন ভাঁজ করে তা বাক্সে ভরছেন। যে ব্যক্তি ব্যালটটি বাক্সে ভরছেন তাঁর গলায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের হাতি প্রতীক-সংবলিত পরিচয়পত্র। জানতে চাইলে তিনি জানান, তাঁর নাম নিধু বিশ্বাস। বাড়ি বাঁশখালীতে।
এভাবে ব্যালটে সিল মারা চললেও পোলিং কর্মকর্তারা ছিলেন নির্বিকার। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা মোরশেদ আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ওই দুই ব্যক্তিকে সরিয়ে দেন।
ওই কেন্দ্রের কোনো বুথেই বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পোলিং এজেন্টকে দেখা যায়নি।
কেন্দ্রের প্রতিটি বুথেই আ জ ম নাছিরের প্রতীক-সংবলিত পরিচয়পত্র ঝোলানো লোকজন ঘোরাফেরা করছিলেন। কিন্তু দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের কিছুই বলছেন না।
এই কেন্দ্রটির পাশেই আ জ ম নাছির উদ্দিনের বাড়ি।
ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়
১০টা ১৫ মিনিট। এই বিদ্যালয়ের তিনটি কেন্দ্রে বুথের সামনে ভোটারদের পাশাপাশি অবস্থান করছেন শতাধিক যুবক। সবার গলায় আ জ ম নাছির উদ্দিনের প্রতীক-সংবলিত পরিচয়পত্র।
বুথের বাইরে অবস্থান করা যুবকদের সম্পর্কে জানতে চাইলে এখানকার একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘এটা আমার চোখে পড়েনি।’ তিনি জানান, মনজুর আলমের তিনজন পোলিং এজেন্ট অনুমতি নিয়েছেন।
পরে খোঁজ করে একজনকে পাওয়া গেছে। তবে জাবেদুল ইসলাম নামের ওই এজেন্টের গলায় পরিচয়পত্র ছিল না। দেখতে চাইলে তিনি পরিচয়পত্র দেখান। তবে তাঁর পরিচয়পত্রে কোনো ছবি ছিল না।
আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্র
সকাল সাড়ে ১০টায় দেখা যায়, কেন্দ্রে ঢোকার মূল ফটকের সামনে কয়েক শ ব্যক্তি। সবার গলায় আ জ ম নাছির উদ্দিনের হাতি প্রতীকের পরিচয়পত্র। কেন্দ্রের ভেতরে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি।
আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের দুটি ভোটকেন্দ্রের একটির প্রিসাইডিং কর্মকর্তা উৎপল দত্ত জানান, সাড়ে ১০টা পর্যন্ত সাতটি বুথে সাত শতাধিক ভোট গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয় ও কলেজিয়েট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে।