জাল ভোট, বিএনপির তিন প্রার্থীর বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী পৌরসভার মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শামীমা আক্তার গতকাল মনোহরদীর দৌলতপুরের কোচেরচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান l ছবি: সংগৃহীত
নরসিংদী পৌরসভার মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শামীমা আক্তার গতকাল মনোহরদীর দৌলতপুরের কোচেরচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান l ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীর নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে তিনটিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার ভোট চলাকালে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিএনপির প্রার্থীর ওপর হামলা, জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে তাঁরা ভোট বর্জন করেন।
নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে একদুয়ারিয়া ইউপির একদুয়ারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনিছুজ্জামান ও তাঁর ভাই বাছেদ প্রকাশ্যে ভোটারদের নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করেন। এ সময় বিএনপির প্রার্থী বাছেদ মোল্লা প্রতিবাদ জানালে আনিছুজ্জামান ও তাঁর সমর্থকেরা তাঁকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেন। বিএনপির সব এজেন্টকেও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে ইউপির সব কটি ভোটকেন্দ্র থেকেই বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বাছেদ মোল্লা ভোট বর্জনের ঘোষণা দেন।
দৌলতপুর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাদিউল ইসলামের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোট দেওয়ানোর অভিযোগ ওঠে। এর মধ্যে নরসিংদী পৌরসভার (১, ২, ৩ নম্বর ওয়ার্ড) মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করা শামীমা আক্তার সাধনা কোচেরচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটে সিল মারতে যান। তাঁর দেখাদেখি সদস্য প্রার্থী মনু মিয়া ও ইসরাত জাহান সিল মারার চেষ্টা করলে প্রথমে তর্কাতর্কি ও পরে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে দুজনের সমর্থকেরাই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে জাল ভোটের অভিযোগ এতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এহসানুল হক ভোট বর্জনের ঘোষণা দেন। একই ধরনের অভিযোগে এনে লেবুতলা ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল হোসেন বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোথাও বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নির্বাচন বর্জনের দুই-তিনটি আবেদন পাওয়া গেছে।’