ভোটকেন্দ্রের বাইরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান। ভেতরে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের নেতৃত্বে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, সাংবাদিককে লাঞ্ছিত করা ও ধাওয়া দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার চার উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে অধিকাংশ কেন্দ্রে এ দৃশ্য দেখা গেছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ, নাসিরনগরের ভলাকুট, বিজয়নগরের পাহাড়পুর ও নবীনগরের উত্তর কাইতলা ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৪০ মিনিট। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে প্রায় ফাঁকা। নারী ভোটারের একটি বুথে ততক্ষণে ভোট পড়েছে মাত্র ৩টি, অন্যটিতে ভোট পড়েছে ১৬টি। এই কেন্দ্রে ওই সময়ের মধ্যে ২৬৬০ ভোটের মধ্যে ২১৬ ভোট সংগ্রহ হয়। তবে বেলা শেষে ওই কেন্দ্রে ভোট সংগ্রহের পরিমাণ দাঁড়াই ১ হাজার ৯৭৫; যার মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে ১ হাজার ৭৮৪টি। বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চিত্র এটি।
গতকাল সকাল সাড়ে ৯টায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির ভিটি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রও প্রায় ফাঁকা ছিল। সকাল ৯টা ৪০ মিনিটে কেন্দ্রের প্রায় প্রতিটি বুথেই ছোট-যুবক থেকে শুরু করে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহাব উদ্দিন ভূইয়া অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল কালামের পক্ষের লোকজন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিচ্ছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে এসব বিষয়ে জানালেও কোনো লাভ হয়নি।
এই কেন্দ্রে থাকা বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট শাহীন আলম ও শফিকুল ইসলাম বলেন, সকালে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের প্রায় ৩০-৪০ জনের একটি দল কেন্দ্রে ঢুকে জাল ভোট দিয়েছেন। প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
সকাল সাড়ে ১০টায় পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া হুমায়ূন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছুক্ষণ অবস্থান করে দেখা গেছে, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কাউসার ভূইয়ার নেতৃত্বে প্রতিটি বুথেই আওয়ামী লীগের প্রার্থী আবুল কালামের পক্ষে ব্যালটে সিল মারা হচ্ছে। এ সময় কেন্দ্রের একটি বুথে ঢুকতে চাইলে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিকে জোরপূর্বক সেখান থেকে চলে যেতে বলেন কাউসার। সাংবাদিকেরা ওই কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই কাউসার ও কালামের নেতৃত্বে উপজেলা যুবলীগ ও স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর পথ রোধ করে গালমন্দ করেন। একপর্যায়ে তাঁর ওপর হামলার চেষ্টা চালান। ঘটনার পরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। বিষয়টি জেলার নেতাদের জানানো হয়েছে।
নাসিরনগরের ভলাকুট ইউপির ভলাকুট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভলাকুট উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুঠুই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, কেন্দ্রগুলো ফাঁকা।
ভলাকুট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত ১৮৭০ ভোটের মধ্যে সংগ্রহ হয়েছে ৫৫টি। সকাল ৯টার দিকে ভলাকুট উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটার পাওয়া যায়নি। কেন্দ্র ভেতরে ফাঁকা থাকলেও বাইরে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ভিড় ছিল। কুঠুই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৬৭৩ ভোটের মধ্যে ৩২৫ ভোট সংগ্রহ হয়েছে। বেলা ১১টায় বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭০৫ ভোটের মধ্যে ৩৯৩টি ভোট সংগ্রহ হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিলকেন্দুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
শান্তিপূর্ণ নির্বাচন
আমাদের নিজস্ব প্রতিবেদক, ভৈরব এবং কিশোরগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধি জানান, গতকাল কিশোরগঞ্জের নিকলী সদর ও ভৈরবের সাদেকপুর ইউপি এবং টাঙ্গাইলের মধুপুর ও সদর উপজেলার ১১টি ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।