
যশোরের চৌগাছা উপজেলার ১১টি ও শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে জাল ভোট ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চৌগাছার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও আশপাশের এলাকায় ভোটের আগে শুক্রবার রাতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। গতকাল সকালে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রের অদূরে সকালেও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওহিদুল ইসলাম বলেন, ‘রাতে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। সকালে অবশ্য বিস্ফোরণের শব্দ পাইনি।’
ধুলিয়ানি ইউপিতে মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকেরা কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কেন্দ্র ও আশপাশে উত্তেজনা দেখা দেয়।
সকাল নয়টার দিকে সিংহঝুলি ইউপির সিংহঝুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ১০-১২ জন নারীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুরুষ ভোটারদের উপস্থিতি তেমন ছিল না।
বিএনপির প্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, আওয়ামী লীগের প্রার্থী রেজাউর রহমানের সমর্থকেরা ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছেন। গরিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিতাম্বরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।
আওয়ামী লীগের প্রার্থী রেজাউর রহমান বলেন, ‘আমি বা আমার লোকজন বিএনপির পোলিং এজেন্টদের বাধা দেননি। কাউকে হুমকিও দেওয়া হয়নি।’
দুপুর ১২টার দিকে শার্শার পুটখালী ইউপির কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এ কেন্দ্রেও ৮-১০ জন নারী ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। এখানে বিএনপির প্রার্থী নেই। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীই নৌকা প্রতীকের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী।
কয়েকজন ভোটার বলেন, এখানে দুজন প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে ভোটারদের মধ্যে তেমন আগ্রহ নেই।
বেলা ১১টার দিকে শার্শা সদর ইউপির শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আওয়ামী লীগের সমর্থকেরা প্রভাব বিস্তারের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে সবাইকে সরিয়ে দেয়। এ সময় কয়েকজন আহত হন।
কায়বা ইউপির রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী হাসান ফিরোজ আহমেদ সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। একই ইউপিতে ভোট দিতে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাজরুল ইসলাম নামের এক ভোটারের মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধা তাজরুল ইসলাম ভোট দিতে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, শার্শায় ভোট-ভোট খেলা হয়েছে। বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ভোটের মাঠে নামতে দেওয়া হয়নি। পুটখালী ইউপিতে বিএনপি প্রার্থীকে আগেই হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। বাঁগআচড়ায় বিএনপির প্রার্থীকে এলাকাছাড়া করা হয়েছে। বিএনপির সমর্থকদের ভোটকেন্দ্রে না যেতে বলা হয়েছে। চৌগাছায়ও একই চিত্র। হাকিমপুর ইউনিয়ন ছাড়া সব কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করা হয়।