জাল ভোটে সহায়তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ভোট দিতে সহায়তার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রয়াত জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের স্ত্রী উমেঞ্চ ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদসহ দুজনকে নির্বাচনসংক্রান্ত আদালতের দেওয়া কারাদণ্ড বাতিল করা হয়েছে।
গতকাল রোববার জেলা দায়রা জজ মো. কাউছার মিয়া ওই সাজা বাতিল করেন। একই সঙ্গে তাঁদের ওই ঘটনার মামলা থেকে অব্যাহতি দেন আদালত।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় ৫ জানুয়ারি। ওই দিন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নির্বাচনসংক্রান্ত বিশেষ আদালতের বিচারকেরা দেখেন তিন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা লাঙ্গল প্রতীকে সিল মারছেন।
আদালতের নির্দেশে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কোহিনুর বেগম, জোবেদা বেগম ও নাছিমা বেগমকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া লিখিত বক্তব্যের ভিত্তিতে আদালত শিউলি আজাদ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিনকে পাঁচ বছর করে এবং তিন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে তিন বছর করে কারাদণ্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জেলা দায়রা জজ কাউছার মিয়ার আদালতে উপস্থিত হয়ে শিউলি আজাদ ও আশরাফ উদ্দিন জামিনের আবেদন করেন।
আদালত তা মঞ্জুর করেন এবং গতকাল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। গতকাল শিউলি আজাদ ও আশরাফ উদ্দিনের উপস্থিতিতে জেলা দায়রা জজ তাঁদের সাজা বাতিল করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ তানভির হোসেন জানান, বিধিসম্মতভাবে তাঁদের সাজা দেওয়া হয়নি। তাই সাজা বাতিল করেছেন বিচারক।
৭ জানুয়ারি প্রথম আলোতে ‘বক্তব্য না শুনেই কারাদণ্ড!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে সাজাপ্রাপ্ত দুজনের ঘটনাস্থলে না থাকা এবং তাঁদের বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়েই কারাদণ্ড দেওয়া আইনসমঞ্চত নয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মত দিয়েছিলেন।