জাল ভোটের অভিযোগ এনে উপনির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান পৌরসভা উপনির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে পৌরসভার সাবেক মেয়র আলী আজম মুকুল ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ নির্বাচিত হওয়ায় মেয়র পদটি শূন্য হয়।
বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মরিয়ম খানম দৌলতখানে তাঁর বাসভবনে বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডাকেন। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাকির হোসেন তালুকদার কেন্দ্র দখল করে এজেন্টদের বের করে দিয়ে কর্মীদের দিয়ে জাল ভোট দিচ্ছেন। এ জন্য আমরা ভোট বর্জন করেছি।’
সরেজমিনে পৌরসভার ৩৫ নম্বর পশ্চিম রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা থেকে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে বোরকা পরা কয়েকজন নারী ও আওয়ামী লীগের কর্মীদের বারবার ভোটকেন্দ্রে যেতে দেখা যায়। এ সময় আইন প্রয়োগকারী সংস্থা ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন সাংবাদিকদের কেন্দ্র থেকে চলে যেতে অনুরোধ করেন। সোয়া নয়টার দিকে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রাণকৃষ্ণ হাওলাদার বলেন, এ পর্যন্ত ২০৬টি ভোট পড়েছে।
বন বিভাগ কার্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-পশ্চিম হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও প্রায় একই চিত্র দেখা গেল। এসব কেন্দ্রে একাধিক ব্যক্তিকে জাল ভোট দিতে দেখা যায়। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার মনিরুল ইসলাম বলেন, ‘সংসদ নির্বাচনে ভোট দিতারিনো। উপজেলা নির্বাচনেও ভোট দিতারিনো। এনে ভোট দিমু কী, আমগো ভোট তো হেইতেরা দি লাইছে।’
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাকির হোসেন তালুকদার বলেন, বিএনপির প্রার্থীর কোনো জনসমর্থন নেই। এটা বুঝতে পেরে তাঁরা ভোট বর্জন করেছেন। তবে তাঁদের ওপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনে প্রায় ৭৩ শতাংশ ভোট পড়েছে। কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকতে পারে। তবে বেশির ভাগ কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট হয়েছে।