ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল আটটায় এই ভোট গ্রহণ শুরু হয়।
ইউনিয়নগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ, বিজয়নগর উপজেলার পাহাড়পুর, নাসিরনগর উপজেলার ভলাকুট, ধরমন্ডল, গুনিয়াউক, কুন্ডা ও নবীনগর উপজেলার কাইতলা উত্তর। এর মধ্যে বিজয়নগরের পাহাড়পুর, নাসিরনগরের ভলাকুট ও নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০টার পর থেকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষের লোকজন জোর করে ভোট দেওয়ার চেষ্টা চালান। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হেজামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউছার ভূঁইয়ার নেতৃত্বে যুবলীগের লোকজন নৌকা প্রতীকে জাল ভোট দিতে থাকেন। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদত হোসেনকে কাউছার ভূঁইয়া ও তাঁদের লোকজন তাঁকে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে ফেলেন। কিছুক্ষণ পর গণমাধ্যমকর্মীরা তাঁকে উদ্ধার করেন।
ঘটনার পরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি নিঃশর্তভাবে বসে প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে যা ঘটেছে, তা শেষ করতে চাই।’
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনে আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’