জাল ভোটের পরও ভোট কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে প্রতিবন্ধী এই মানুষটিকে ভোট দিতে সহায়তা করেন নির্বাচনী কর্মকর্তা ।  ছবি: প্রথম আলো
বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে প্রতিবন্ধী এই মানুষটিকে ভোট দিতে সহায়তা করেন নির্বাচনী কর্মকর্তা । ছবি: প্রথম আলো

ঢাকা-৫ আসনের দুটি নির্বাচনী কেন্দ্র স্থাপন করা হয় রাজধানীর শ্যামপুরের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে। দুটি কেন্দ্রের মোট ভোটার চার হাজার ৪৯৮ জন। কিন্তু ভোট দিয়েছেন মাত্র ৭১২ জন। দুটি কেন্দ্রে ভোট পড়ার হার মাত্র ১৫ দশমিক ৮৩ শতাংশ।
কলেজ ভবনের দ্বিতীয় তলায় ছিল ৭১ নম্বর ভোটকেন্দ্র আর তৃতীয় তলায় ৭০ নম্বর ভোটকেন্দ্র। বেলা আড়াইটার পর থেকে বেশ কিছু জাল ভোট দিতে দেখা গেছে।
কোথাও হাতে অমোচনীয় কালি না লাগিয়েই ভোটারদের একাধিক ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা, আবার কোথাও বেলা সাড়ে তিনটায় ভোটকেন্দ্রের ফটক আটকে দিয়েছে পুলিশ। এ সুযোগে ভেতরে জাল ভোট পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর ও কদমতলী নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা ‘নৌকা’ প্রতীক নিয়ে, তরীকত ফেডারেশনের আরজু শাহ সায়দাবাদী ‘মালা’, ন্যাশনাল আওয়ামী পার্টির আবদুর রশিদ ‘কুঁড়েঘর’ এবং জাতীয় পার্টি (জেপির) মনির হোসেন কমল ‘বাইসাইকেল’ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
সাড়ে নয়টায় দনিয়া কলেজে গিয়ে ভোট দেওয়ার জন্য কাউকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। দুই-একজন ভোট দিতে আসছেন, ভোট দিয়ে চলেও যাচ্ছেন। তখন পর্যন্ত দুটি কেন্দ্রের নয়টি ভোটকক্ষে ভোট পড়ে ৪৬টি। আর নারী ভোটারদের দুটি ভোটকক্ষে ভোট পড়ে দুটি করে মাত্র চারটি। এ অবস্থার আর পরিবর্তন হয়নি। সাড়ে তিনটা পর্যন্ত দুটি কেন্দ্রে ভোট পড়ে মাত্র ৬২১টি।
সে কারণেই এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তোড়জোড় দেখা গেছে। অনেক নেতা-কর্মীই বারবার ভোটকেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই ফিরে আসছিলেন এক-দুইজনকে সঙ্গে নিয়ে। এমন নেতা-কর্মীদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে। একজন বাবু আরেকজন মোস্তফা মাতুব্বর। মোস্তফা মাতুব্বরের হাতে ভোটারদের একটি ছোট তালিকা দেখা গেছে। নির্বাচন শেষ হওয়ার ঠিক মিনিট পাঁচেক আগে দনিয়া কলেজের মূল ফটকে অবস্থান নেওয়া হাবিবুর রহমান মোল্লার নেতা-কর্মীদের কাছে গিয়ে তিনি বলেন, ‘তোগো তালিকার কাজ শেষ। সব ভোট হইয়া গেছে।’ এই বলে তিনি ওই তালিকাটি মুচড়িয়ে ফেলে দেন। কিছুক্ষণ পর এই প্রতিবেদক সঙ্গে থাকা সিএনজিচালককে দিয়ে কাগজটি কুড়িয়ে আনান। তাতে ২৯ জন ভোটারের নাম ছিল।
দনিয়া কলেজের দুটি কেন্দ্রে পোলিং এজেন্ট ছিল কেবল হাবুিবর রহমান মোল্লার। বাকি তিন প্রার্থীর কোনো এজেন্ট ছিল না।
অমোচনীয় কালি নেই, ইচ্ছেমতো ভোট: মাতুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা দেড়টার দিকে প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন জানান, ৫০ শতাংশ ভোট পড়েছে।
দুপুরের আগেই এত ভোট পড়ার প্রমাণ মিলল বিদ্যালয়ের দ্বিতীয় তলায় পুরুষ ভোটকক্ষের সামনে গিয়ে। হাবিবুর রহমান মোল্লার পাঁচজন কর্মী-সমর্থক ওই কক্ষের দরজা আগলে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের টপকে ভেতরে দেখা যায়, কক্ষে তিন-চারজন ভোটার দাঁড়িয়ে। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তাঁদের আঙুলে অমোচনীয় কালি না লাগিয়েই অনেকগুলো ব্যালট পেপারে সই করে দিচ্ছেন। আর সেগুলো নিয়ে তাঁরা ভোট দিচ্ছেন। তবে দরজা আগলে রাখা কর্মী-সমর্থকদের রোষে পড়ে সেখানে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব হয়নি।
উত্তর যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপীঠের ভোটকেন্দ্রের ভোটার জিয়াউল ইসলাম। ১১টার দিকে তিনি ভোট দিতে গিয়ে দেখেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে।
সাড়ে তিনটায় গেটে তালা!: সাড়ে তিনটায় উত্তর যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চবিদ্যালয়ের প্রধান ফটক আটকে দেয় পুলিশ। এ সময় কিছু ‘নির্দিষ্ট ভোটার’কেই ভেতরে ঢুকতে দেওয়া হয়। খবর পেয়ে ৩টা ৪০ মিনিটে সেখানে গেলে এই প্রতিবেদকসহ আরও দুজন ফটোসাংবাদিককে ঢুকতে বাধা দেয় কর্তব্যরত পুলিশ। জানতে চাইলে বলা হয়, ‘প্রিসাইডিং কর্মকর্তা কাউকে ঢুকতে না করে দিয়েছেন।’
ভোটারদের অভিযোগ, ভেতরে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ দিতেই মূল ফটক আটকে দেওয়া হয়েছে।