জাল মাদক দিয়ে হয়রানি করছে পুলিশ!
ফরিদপুরে প্রতিনিয়ত জাল মাদক দিয়ে জনগণকে হয়রানি করছে পুলিশ। জন্মনিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত মায়া বড়িকে ইয়াবা ট্যাবলেটের রং দিয়ে জনগণকে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ করেছেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুরে আগমন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এই অভিযোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। গত মঙ্গলবার বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
ওই সভার শেষ পর্যায়ে বক্তব্য রাখতে গিয়ে খন্দকার মোহতেসাম হোসেন অভিযোগ করে বলেন, মাদক উদ্ধারের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। এমনকি মায়া বড়িতে ইয়াবা ট্যাবলেটের রং দিয়ে তল্লাশির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে তিনি এ জাতীয় তিন-চারটি অভিযোগ পেয়েছেন।
ওই সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা। এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ মার্চ ফরিদপুর সফরে আসছেন। ওই দিন প্রধানমন্ত্রী শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। এ ছাড়া তিনি বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।