মুদ্রা জালকারী চক্রের এক নেতা গ্রেপ্তার
জাল মুদ্রা, জঙ্গি ও অস্ত্র চোরাচালানি চক্রের মধ্যে যোগাযোগ রয়েছে
মুদ্রা জালকারী চক্রের সঙ্গে জঙ্গি সংগঠন এবং অস্ত্র ব্যবসায়ী চক্রগুলোর যোগাযোগ রয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ। এই চক্রের জাল রয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানজুড়ে। মুদ্রা জালকারী চক্রের অন্যতম নেতা শফিক মাহমুদ ওরফে প্রফেসর সেলিমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এসব তথ্য পেয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শফিককে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম আজাদ খানের নেতৃত্বাধীন একটি দল গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বাবর রোডের একটি রেস্তোরাঁ থেকে শফিককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে এক হাজার টাকার জাল নোটসহ চার লাখ ৯৭ হাজার জাল টাকা, ৫০ হাজার জাল রুপি ও দুটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।গোলাম আজাদ খান প্রথম আলোকে জানান, মুদ্রা জালকারী চক্রের দ্বিতীয় স্তরের নেতা শফিক কেবল জাল মুদ্রা বিপণন ও সম্পর্ক বৃদ্ধির কাজ করতেন। অস্ত্র বিক্রেতা ও জেএমবি চক্রের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল। তিনি জানান, শফিক ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার জানান, শফিক বিভিন্ন দেশের জাল মুদ্রা বাংলাদেশে আমদানি এবং পরবর্তী সময়ে তা বিভিন্ন পক্ষের কাছে সরবরাহ করেন। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক প্রধান শায়খ আবদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জামাল উদ্দিন মজুমদারের কাছে মুদ্রা ও অস্ত্র সরবরাহ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন ব্যবসায়ী এই ব্যবসার সঙ্গে জড়িত। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক রুবিনা হোসাইন এদের অন্যতম।শফিক মাহমুদ সাংবাদিকদের জানান, পাকিস্তানি নাগরিক দানিশ, সাব্বির; বাংলাদেশের সোলায়মান মজুমদার, জাহিদ ও ফাতেমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে তিনি জাল নোটের ব্যবসায় জড়িয়ে পড়েন। ভারতীয় জাল রুপির মূল ক্রেতা কিছু গরু ব্যবসায়ী। তিনি জানান, জেএমবি, হরকাতুল জিহাদ (হুজি), লস্কর-ই-তাইয়েবার সদস্যদের কাছে জাল ডলার, রুপি, টাকা ও অস্ত্র বিক্রি করেন তাঁরা। বৃহস্পতিবার একটি বিদেশি পিস্তল দুই লাখ টাকায় ভারতীয় একজন নাগরিকের কাছে বিক্রি করার কথা ছিল। ভারতীয় ওই নাগরিক লস্কর-ই-তাইয়েবার সঙ্গে জড়িত।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান অমূল্যভূষণ বড়ুয়া, উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলম ও ওয়ালিদ হোসেন উপস্থিত ছিলেন।