জাল রুপিসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার এক কোটি ৭১ লাখ জাল ভারতীয় রুপিসহ পাকিস্তানের দুই নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। তাঁরা হলেন আবু জহির (৫০) ও তাঁর মেয়ে ইয়াসমিন (১৮)। তাঁরা দুপুরে পাকিস্তান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে করাচি থেকে ঢাকায় আসেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, পাকিস্তান থেকে আসা এসব মুদ্রা খুবই উচ্চমানের ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এগুলো যে জাল, তা দেখে এমনকি সাধারণ পরীক্ষাতেও বোঝার উপায় নেই।
একই নম্বরের একাধিক বান্ডিল দেখে এগুলো জাল মুদ্রা হিসেবে শনাক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার ব্যাংক অব ইন্ডিয়ার একজন প্রতিনিধিকে এসব মুদ্রার নমুনা পরীক্ষার জন্য দেখানো হবে। গত ২৭ এপ্রিল কার্গো হিসেবে আসা ছয় কোটি চার লাখ ভারতীয় রুপি আটক করে শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই যাত্রীর কাছ থেকে জাল মুদ্রা উদ্ধার করা হয়।