জাল সই দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার মানিকচাঁদ দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে তিন ব্যক্তির সনদ ব্যবহার করে এবং তাঁদের শিক্ষক হিসেবে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত করানোর অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁর (সুপারের) বিরুদ্ধে জাল স্বাক্ষর দিয়ে ওই তিনজনের নামে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে।মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. হানিফুজ্জামান এ ঘটনায় গত ২৮ জুন গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালাতে সুপার মো. নুর উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে বিচারক মো. নূরুজ্জামান গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নিদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যে তিন ব্যক্তির পরীক্ষায় পাসের সনদ এবং নাম ব্যবহার করে মো. নুর উদ্দিনের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে, তদন্তে তাঁদের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজন মো. আবু তাহের সম্পর্কে নুর উদ্দিনের স্ত্রীর বড় ভাই। তিনি বর্তমানে বরগুনার আমতলী উপজেলা বিআরডিবি কর্মকর্তা। মো. জাহাঙ্গীর কবির নুর উদ্দিনের মামাতো ভাই। তিনি গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এবং আফতাব উদ্দিন কয়েক বছর আগে মারা গেছেন।তিন ব্যক্তির সনদ এবং জাল স্বাক্ষর দিয়ে তাঁদের নামে সরকারি টাকা তুলে আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন কিছু বলব না। পরে বিস্তারিত জানাব।’