জাল সইয়ে টাকা তুলে আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের পিওন রাসেল হাওলাদার প্রকল্প চেয়ারম্যানের সই জাল করে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছেন। গৌরনদী থানার পুলিশ গত সোমবার গভীর রাতে ওই টাকাসহ রাসেলকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কবির হোসেন বলেন, কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার বড় কসবা মাদ্রাসার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মাদ্রাসা কমিটির সভাপতি আবদুর রহমান তালুকদারকে প্রকল্প চেয়ারম্যান করা হয়। ৯ জুন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় বিলটি পাস করে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠায়। গত রোববার রাসেল হাওলাদার হিসাবরক্ষণ কার্যালয় থেকে বিলের কাগজপত্র চুরি করে নিয়ে যান। ওই দিন সোনালী ব্যাংক গৌরনদী শাখা থেকে রাসেল নিজেকে প্রকল্প চেয়ারম্যান পরিচয় দিয়ে ও তাঁর সই জাল করে মাদ্রাসার নামে বরাদ্দ করা ৫০ হাজার টাকা তুলে আত্মসাৎ করেন। গত সোমবার প্রকল্প চেয়ারম্যান আবদুর রহমান তালুকদার হিসাবরক্ষণ কার্যালয়ে বিলের কাগজপত্র নিতে এলে বিষয়টি ধরা পড়ে। সোমবার গভীর রাতে পুলিশ রাসেলকে গেরাকুল নামক স্থান থেকে গ্রেপ্তার করে। পরে রাসেলের বাড়ির বিছানার নিচ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাসেল বলেছেন, লোভে পরে তিনি এ কাজ করেছেন। এ ব্যাপারে রাসেলকে আসামি করে গৌরনদী থানায় একটি জালিয়াতি মামলা করা হয়েছে।