জাল সনদ, জাতীয় পরিচয়পত্র তৈরির দোকান, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে গতকাল বুধবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পাবলিক পরীক্ষার জাল সনদ ও জাতীয় পরিচয়পত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তৈরির একটি দোকানের সন্ধান পেয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সুজাউদৌলা (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কম্পিউটারসহ মূল্যবান যন্ত্রপাতি জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গতকাল দুপুরে জেলা শহরের পৌর নিউমার্কেটে অবস্থিত ‘সুজা কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট ও স্ট্যাম্প ভেন্ডার’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসবের সন্ধান পায়। ওই দোকানের মালিক সুজাউদৌলা সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
ডিবি পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে ওই দোকানে জাল সনদসহ বিভিন্ন কাগজপত্র তৈরি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খানের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা বেলা দুইটার দিকে ওই দোকানে অভিযান চালান। এ সময় পুলিশ ওই দোকান থেকে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পাবলিক পরীক্ষার বিপুল পরিমাণ জাল সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, দলিলসহ মূল্যবান কাগজপত্র জব্দ করে। জাল কাগজপত্র তৈরির জন্য ব্যবহূত দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও একটি স্পাইরাল বাইন্ডিং মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মিঠু মিয়া জানান, সুজাউদৌলা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব জাল কাগজপত্র তৈরি করে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন।
শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সালাহউদ্দিন সিকদার জানান, ডিবির এসআই জাফর আলী খান বাদী হয়ে সুজাউদৌলার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদৌলা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এসব ঘটনায় সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে ব্যাপারেও পুলিশ অনুসন্ধান করছে।