গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মাদ্রাসার সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম হুমায়ূন কবিরের বিরুদ্ধে মামলা করেছেন মাদ্রাসার অধ্যক্ষ। অধ্যক্ষের অভিযোগ, কবির অনিয়ম করে মাদ্রাসার সভাপতি হয়েছেন। এদিকে মামলার প্রতিবাদে গতকাল শনিবার মাদ্রাসাপ্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
পূর্ব-উত্তর কোটালীপাড়া দারুচ্ছুন্নাৎ সালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনওয়ার হোসেন খান গত বৃহস্পতিবার আদালতে মামলাটি করেন। এতে হুমায়ূন কবির ছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য আতিয়ার রহমান ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী জেলা সদরের বাইরের মাদ্রাসায় সভাপতি হবেন সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক অথবা কোনো বিশিষ্ট শিক্ষাবিদ। কিন্তু এই মাদ্রাসার সভাপতি হুমায়ূন কবির উচ্চশিক্ষিত নন। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে ‘এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়’ থেকে বিএ পাসের সনদ দাখিল করেছেন। কিন্তু এই নামে বাংলাদেশে অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ফলে এটি প্রতীয়মান হয় যে সনদটি জাল। সে ক্ষেত্রে হুমায়ূন কবির বিধি লঙ্ঘন করে মাদ্রাসার সভাপতি হয়েছেন। একই সনদ দিয়ে তিনি কোটালীপাড়ার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন।
তবে কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির বলেন, ‘আমার সনদ জাল নয়। আমার কাছে ডকুমেন্ট আছে। উনি (অধ্যক্ষ) জাল বললেই তো আমার সনদ অবৈধ হয়ে যাবে না।’
মামলার বিবরণে আরও বলা হয়, মাদ্রাসার অধ্যক্ষের তিন দিন অনুপস্থিতির বিষয়ে তাঁকে গত ১৫ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেন সভাপতি হুমায়ূন কবির। নোটিশের জবাব দিতে তিন দিন সময় দেওয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বরই অধ্যক্ষের বেতন কাটা হয়, যা বিধিসম্মত হয়নি।
অধ্যক্ষ আনওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতিকার চেয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে আবেদন করেছিলাম। কিন্তু প্রতিকার না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।’
হুমায়ূন কবির বলেন, অধ্যক্ষ অনুপস্থিত থাকায় নিয়ম অনুযায়ী তাঁর বেতন কাটা হয়েছে। পরিচালনা কমিটি সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে হুমায়ূন কবিরের পক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে মাদ্রাসাপ্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার সাবেক শিক্ষক সামচুল হক হাওলাদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পরিচালনা কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম হাওলাদার ও আতিকুর রহমান, সাবেক দাতা সদস্য করিম সরদার, শিক্ষক মহসিন কাজী ও আবদুল মান্নান, উপজেলা যুবলীগের কর্মী খায়রুল আলম প্রমুখ।